ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত তিন বছরে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেছেন, বর্তমানের অর্থনীতি একটি ‘অন্য মাত্রার অর্থনীতি’।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একই সঙ্গে বলেছেন, আগামী আট-নয় বছর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশে দারিদ্র ও বেকারত্ব কমে সহনীয় পর্যায়ে আসবেই।
শনিবার রাজধানীতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনে আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে অর্থমন্ত্রী বলেন, “দেশের বর্তমান অর্থনীতি ২০০৮ সালের অবস্থায় আর নেই। এটা একটা অন্য মাত্রার অর্থনীতি।”
তিনি জানান, গত তিন বছরে খাদ্য উৎপাদন এক কোটি মেট্রিক টন বেড়ে বার্ষিক উৎপাদন দাঁড়িয়েছে তিন কোটি ৬০ লাখ টনে।
পণ্য রপ্তানি ১৪ বিলিয়ন ডলার থেকে ২৬ বিলিয়নে পৌঁছেছে, আমদানি ১৮ বিলিয়ন ডলার থেকে ৩৪ বিলিয়ন হয়েছে বলেও জানান তিনি।
মুহিত বলেন, “বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার মেগাওয়াট বেড়েছে। পাশাপাশি বেড়েছে বিদ্যুতের চাহিদাও। কারণ শিল্প খাতে বিশেষ করে রপ্তানি প্রবৃদ্ধির কারণে প্রতিদিনই বিদ্যুতের নতুন চাহিদা সৃষ্টি হচ্ছে।
“তবে চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে উৎপাদন লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে।”
এসব উন্নয়নের পাশাপাশি অর্থনীতির বেশকিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে এবং কয়েকটি ক্ষেত্রের উৎপাদন ও বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
তার মতে, মূল্যস্ফীতি একটা বড় চ্যালেঞ্জ যা নিয়ন্ত্রতে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
এছাড়া দেশে মাছ, সবজি, ফল, ফুল ও ভুট্টা জাতীয় পণ্যের উৎপাদন বাড়ানোয় জোর দেন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, “আমাদের দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়টি খারাপ অবস্থায় আছে। দক্ষ মানবসম্পদ তৈরির দায়িত্ত্ব শিক্ষা, যুব, শ্রম ও মহিলা মন্ত্রণালয়ের। কিন্তু এখানে সমন্বয়টা ঠিকমতো হচ্ছে না। সমন্বয় আরো বাড়াতে হবে।”
‘মহাজোট সরকার তিন বছর-আর্থ সামাজিক উন্নয়ন, মন্দা মোকাবিলা এবং আগামী দিনের চ্যালেঞ্জসমুহ’ শিরোনামের এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান।
মূল প্রবন্ধে বলা হয়, “সরকার একটি দীর্ঘমেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করেছে (২০০৯-২০২১) যা প্রবৃদ্ধি অব্যাহত রাখতে ও অর্থনীতির কাঠামো পরিবর্তনে ভূমিকা রাখবে।”
প্রেক্ষিত পরিকল্পনার প্রান্তিক বছর ২০২১ সাল উল্লেখ করে প্রবন্ধে আশা করা হয়, এই সময়কালে প্রবৃদ্ধির হার ৫ শতাংশ হতে ১০ শতাংশে বাড়বে।
“প্রবৃদ্ধির হার ৮ থেকে ১০ শতাংশ হলে এবং জনসংখ্যা বৃদ্ধি ১ দশমিক ৪ হিসাবে মাথাপিছু গড় জাতীয় আয় ১১ বছর বা তার কম সময়ে দ্বিগুণ হবে।”
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক বিনায়ক সেনও সেমিনারে আলোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০৩২ ঘ.
bdnews24