২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ও বুথের ফুটেজ রাখতে হবে এক বছর

ব্যাংকের শাখা ও এটিএম বুথের সিসিটিভি ক্যামেরার ফুটেজ কমপক্ষে এক বছর সংরক্ষণ করতে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকের শাখা ও এটিএম বুথের সিসিটিভি ক্যামেরার ফুটেজ কমপক্ষে এক বছর সংরক্ষণ করতে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার জারি করা এ প্রজ্ঞাননটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রাহক সেবার মানোন্নয়ন এবং লেনদেনের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ব্যাংকগুলো তাদের শাখায় ও এটিএম বুথে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে থাকে। যার ভিডিও ফুটেজ অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়াতে বা বিরোধ নিরসনে বিশেষভাবে সহায়ক। “তবে লক্ষ্য করা গেছে, ব্যাংকগুলো নিজেদের সুবিধামতো বা খুবই অল্প মেয়াদে ফুটেজ সংরক্ষণ করায় প্রয়োজনীয় ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তির সময় এ থেকে কোনো সহায়তা পাওয়া যায় না।” “যার ফলে অনেক ক্ষেত্রে গ্রাহকরা তাদের অভিযোগের সুষ্ঠু প্রতিকার পাচ্ছেন না।” এর পরিপেক্ষিতেই ব্যাংকের শাখা ও এটিএম বুথগুলোয় ধারণ করা সব সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ ধারণের সময় থেকে কমপক্ষে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। একইসঙ্গে কোনো বিষয়ে অভিযোগ উত্থাপিত হলে ওই অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি/গ্রহণযোগ্য সমাধান না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ যতোদিন প্রয়োজন সংরক্ষণ করতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২২০৯ ঘ.