ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বিইপিজেডএ) বার্ষিক সিইও জেন্ডার অ্যাওয়ার্ড দিয়েছে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন (আইএফসি)।
প্রায় দুই লাখ নারী শ্রমিকের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য নেওয়া একটি প্রকল্পের জন্য এ পুরস্কার পেল প্রতিষ্ঠানটি।
বিশ্ব ব্যাংক গ্র“পের সদস্য আইএফসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের মতো বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নারীদের জন্য এ ধরণের উদ্যোগ এটাই প্রথম। এসব এলাকার ৬৪ শতাংশ শ্রমিকই নারী।
বিইপিজেডএ’র এ প্রকল্প আইএফসির ব্যবস্থাপনায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের সহায়তায় চলছে। এতে অংশীদার হিসেবে আছে ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউরোপীয় ইউনিয়ন।
বিইপিজেডএ’র সদস্য (ফিনান্স) একেএম মাহবুবুর রহমান বলেন, “নারীর অথনৈতিক ক্ষমতায়ন বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ামক।”
নারীর অংশীদারিত্ব ও অগ্রগতি উৎসাহিত করতে কর্তৃপক্ষ আটটি দেশের সরকার ও প্রতিষ্ঠান পর্যায়ে নারীদের জন্য সেরা উদ্যোগগুলো চিহ্নিত করেছে। এগুলো রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে শ্রমিক, ব্যবস্থাপক ও উদ্যোক্তা এই তিনটি ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে।
উদ্যোগগুলোর মধ্যে রয়েছে নারী শ্রমিকদের জন্য সুবিধাজনক সঞ্চয় ও ঋণ সেবা চালু করতে ব্যাংকগুলোর সঙ্গে কাজ করা, কারিগরি ও জীবনযাত্রার দক্ষতা বাড়াতে তাদের প্রশিক্ষণ দেওয়া এবং শ্রমিক কল্যাণ সংস্থাগুলোতে নারীদের অংশগ্রহণ বাড়ানো।
আইএফসির দক্ষিণ এশিয়া ইনভেস্টমেন্ট ক্লাইমেট ওয়ার্কের প্রধান পরমিতা দাসগুপ্ত বলেন, “রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে এ প্রকল্পটির বাস্তবায়ন জরুরি কারণ অন্যান্য এলাকার জন্য এ অঞ্চলকে মডেল হিসেবে দেখা হয়।”
বিশ্ব ব্যাংক গ্র“পের সদস্য আইএফসি বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন প্রতিষ্ঠান যারা বেসরকারি খাতের ওপরই জোর দেয়।
২০১১ সালে বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চিয়তার মধ্যে এই প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের চাকরির ক্ষেত্র সৃষ্টি, পরিবেশগত দক্ষতা বাড়ানো এবং স্থানীয় জনগণের মধ্যে অবদান বাড়াতে সহায়তা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/পিডি/২১১৮ ঘ.
bdnews24