ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অর্থবছরের বাজেট হবে সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের বাজেট।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অর্থমন্ত্রী। এ সময় তারা আগামী অর্থবছরের বাজেটের ‘দর্শন’ কী হবে জানতে চান।
জবাবে মুহিত বলেন, “আগামী বাজেট হবে সরকারের অঙ্গীকার পূরণের বাজেট। আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে যে সব অঙ্গীকার করেছিলাম সেগুলো পূরণের শেষ বাজেট হবে এটি।”
বর্তমান সরকারের মেয়াদে আগামী অর্থবছরের (২০১২-১৩) বাজেটই হবে ‘শেষ’ পুরো বছরের বাজেট- এ কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “পরের বছরের (২০১৩-১৪) বাজেট দেওয়ার ছয় মাস পরেই জাতীয় নির্বাচন হবে। সে কারণে আমাদের যা কিছু করার আগামী বাজেটেই করতে হবে।”
তিনি জানান, আগামী ৬ এপ্রিল থেকে নতুন বাজেট নিয়ে সংসদ সদস্য, অর্থনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় শুরু করবে অর্থ মন্ত্রণালয়।
“মত বিনিময়ে যে সব সুপারিশ আসবে বাজেট প্রণয়নে সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”
চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় ‘বেশ কিছু ঝুঁকির’ কথা উল্লেখ করেছিলেন জানিয়ে মুহিত বলেন, “আমরা সে সব ঝুঁকি বেশ ভালোভাবেই মোকাবেলা করেছি।”
“চলতি বাজেটের অন্যতম ঝুঁকি ছিল বিশাল অংকের ভর্তুকি। আমরা সে ভর্তুকির বোঝা আগামী বাজেটেও রাখছি।”
অর্থনীতির গতি ভালোই আছে- এ মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, “অর্থনীতির প্রধান সূচকগুলোর মধ্যে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি বেশ ভালো। রপ্তানি আয় নিয়ে আমরা শঙ্কিত ছিলাম। কিন্তু এখন ভয়ের কোনো কারণ নেই।”
চলতি অর্থবছরে ১৪ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছিল উল্লেখ করে মুহিত বলেন, “এখন পর্যন্ত আয়ের যে গতি লক্ষ্য করা যাচ্ছে- তাতে আশা করছি লক্ষ্যমাত্রা পূরণ হবে।”
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ০৩ শতাংশ।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহও ইতিবাচক জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমরা রেমিট্যান্সের যে লক্ষ্যমাত্রা ধরেছিলাম। অর্থবছর শেষে তার থেকেও বেশি আসবে বলে আশা করছি।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ১৫ শতাংশ। আগের অর্থবছরে (২০১০-১১) প্রবৃদ্ধি হয়েছিল ৬ শতাংশ।
আমদানিতে চাপ আছে- উল্লেখ করে মুহিত বলেন, “আমদানি বেশি হচ্ছে। নানামুখি উদ্যোগের ফলে সেটা প্রশমনের চেষ্টা করা হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে আমদানি বেশি হওয়া অর্থনীতির জন্য ভালো।”
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে আমদানি ব্যয় বেড়েছে ১৫ দশমিক ৬১ শতাংশ। গত অর্থবছরে তার আগের বছরের তুলনায় আমদানি ব্যয় বেড়েছিল প্রায় ৪২ শতাংশ।
আন্তঃব্যাংক মুদ্রাবাজারে বৈদেশিক মুদ্রা বিনিময় হার এখন স্থিতিশীল বলেও দাবি করেন অর্থমন্ত্রী।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মাসখানেক আগে টাকার বিপরীতে ডলারের দর ৮৫ টাকা পর্যন্ত উঠে গেলেও এখন তা ৮১ টাকা ৫০ পয়সায় স্থির হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৭৫২ ঘ.
bdnews24