আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ব্যাংক ব্যবস্থা থেকে ১৬ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে চার গুণেরও বেশি। গত বছরের একই সময়ে ৪ হাজার ২৩ কোটি টাকা ঋণ নিয়েছিল সরকার।
ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ার কথা স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ জন্য বিদেশি ঋণ ও অনুদান কম পাওয়াকে দায়ী করেছেন তিনি।
তবে বর্তমান বাজেটে ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, অর্থবছর শেষে তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে আশা করছেন মুহিত, যদিও গত অর্থবছরের শেষ দিকে ঋণ নেওয়া বেড়েছিল।
২০১১-১২ অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা।
অর্থবছরের শুরু থেকেই (জুলাই মাস থেকে) ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বাড়তে থাকে। পত্র-পত্রিকায় এ নিয়ে বেশ লেখালেখি হয়।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত ১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন, “এত অল্প সময়ে সরকারের এত বিরাট অঙ্কের ঋণ নেওয়া নজিরবিহীন। এর ফলে বেসরকারি খাতে সৃষ্টি হয়েছে ‘ঋণদুর্ভিক্ষের’।”
গত ৫ ডিসেম্বর ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ২২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।
তবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে লাইসেন্স নবায়ন ফি বাবদ মোবাইল অপারেটরদের কাছ থেকে ৪ হাজার কোটি টাকা সরকারের হিসাবে যোগ হয়। সে হিসাব থেকে ৪ হাজার কোটি টাকার কিছু বেশি ধার শোধ করায় ঋণের পরিমাণ ১৬ হাজার কোটি টাকায় নেমে আসে।
এর পর থেকে ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ সাড়ে ১৫ হাজার থেকে সাড়ে ১৬ হাজারের মধ্যে উঠানামা করছে।
অর্থমন্ত্রী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংক বহির্ভূত উৎস হতে ঋণপ্রাপ্তি কম হওয়ায় এবং বিদেশি ঋণ ও অনুদানের প্রবাহ তুলনামূলকভাবে কমে যাওয়ায় ভর্তুকির অর্থ ছাড়সহ অন্যান্য ব্যয় মেটাতে সরকার ব্যাংক উৎস হতে ঋণ গ্রহণ করছে।”
তবে ব্যাংকিং খাত হতে সরকারের ঋণ গ্রহণ সংযত মাত্রায় রাখার উদ্যোগ এখন নেওয়া হয়েছে বলে জানান মুহিত।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২১ মার্চ পর্যন্ত ব্যাংক থেকে সরকার ১৬ হাজার ৩৯৭ কোটি ১৩ হাজার টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়েছে ৫ হাজার ৪৮২ কোটি ৬ লাখ টাকা। আর তফসিলি ব্যাংকগুলো থেকে নিয়েছে ১০ হাজার ৯১৫ কোটি ৭ লাখ টাকা।
গত অর্থবছরে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ২০ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নিয়েছিল, যা ওই অর্থবছরের সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রার চেয়েও ২ হাজার কোটি টাকা বেশি ছিল।
গত বাজেট পর্যালোচনায় দেখা যায়, অর্থবছরের (২০১০-১১) প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ কম থাকলেও বছরের শেষ দিকে এসে তা অনেক বেড়ে যায়।
সে কারণে অর্থবছর শেষে ঋণ গ্রহণের পরিমাণ লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যায়।
সরকারের ব্যাংক ঋণ বাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য বাড়তি জ্বালানি তেল আমদানির জন্যই সরকারের খরচ বেড়ে গেছে। ব্যাংক ঋণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ এটি।”
“জ্বালানি তেলের জন্য আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতিও বাড়ছে। এর ফলে চাপ পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ফলে ব্যাংকের দ্বারস্ত হতে হচ্ছে সরকারকে,” বলেন তিনি।
বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির বৈঠক বুধবার
এদিকে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বুধবার সকালে অর্থমন্ত্রণালয়ে বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের সর্বশেষ পরিস্থিতিসহ চলতি অর্থবছরের বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
একইসঙ্গে বৈঠকে আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটের প্রাথমিক রূপরেখা নিয়েও আলোচনা হবে বলে ওই কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২২০০ ঘ.
bdnews24