২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাতাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত: মুহিত

অর্থমন্ত্রী বলেছেন, দাতা সংস্থাগুলোর সঙ্গে সমাধানের আগে পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগে মালয়শিয়ার প্রস্তাব বিষয়ে সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দাতা সংস্থাগুলোর সঙ্গে সমাধানের আগে পদ্মা সেতু প্রকল্পে মালয়শিয়ার প্রস্তাব বিষয়ে সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ। মন্ত্রী রোববার সাংবাদিকদের বলেন, “ওরা [মালয়শিয়া সরকার] যে প্রস্তাবটি অনুমোদন করেছে তা দেখেছি। বিষয়টা আমাদের জন্য ভালো।” “কিন্তু বিষয়টা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। কেননা এ নিয়ে চারটি দাতা সংস্থার সঙ্গে আমাদের চুক্তি রয়েছে।” “মালশিয়ার সঙ্গে কোনো চুক্তি করার আগে তাদের সঙ্গে [দাতা সংস্থা] আমাদের সমাধানে পৌঁছাতে হবে,” যোগ করেন মুহিত। মালয়শিয়ার প্রস্তাবেও দাতাদের সঙ্গে সমাধানের বিষয়টি রয়েছে বলে জানান তিনি। এতে কতো সময় লাগতে পারে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এটা আমি বলতে পারি না। তবে আমি বলতে পারি এ সরকারের আমলেই নির্মাণ কাজ শুরু হবে।” সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ তার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অর্থমন্ত্রী। পদ্মা সেতু প্রকল্পে মালয়শিয়ার বিনিয়োগ প্রস্তাব সেদেশের মন্ত্রিসভা অনুমোদন করেছে বলে রোববারই সাংবাদিকদের জানান ঢাকায় মালয়শিয়ার বিদায়ী হাই কমিশনার জামালউদ্দিন সাবেহ। পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ অভিযোগে বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতের কয়েক মাস পর এতে মালয়শিয়ার আগ্রহের খবর প্রথম প্রকাশ হয় গত ৪ ফেব্রুয়ারি। সে মাসেই যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মালয়শিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি হবে বলে জানান। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার কথা। সংস্থাটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুললেও বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তে এর সত্যতা পাওয়া যায়নি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার কথা। বাকি অর্থের যোগান দেওয়ার কথা ছিল সরকারের। ১০০ কোটি ডলার ভারতের প্রতিশ্র“ত একশ’ কোটি ডলার ঋণ নিয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। “তিনি দুই বা তিনটি রেলওয়ে প্রকল্প নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন, এগুলো ভারতীয় কর্তৃপক্ষের বিবেচনায় আছে,” বলেন মুহিত। “আমাদের এ প্রকল্পগুলো প্রক্রিয়াকরণ করে তাদের কাছে পাঠাতে হবে।” বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্পের জন্য ২০১০ সালে ভারতীয় এক্সিম ব্যাংকের সঙ্গে একশ’ কোটি ডলারের ঋণচুক্তি করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২২১৩ ঘ.