২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জ্বালানি সংকট মোকাবেলায় চাই দক্ষ ব্যবহার’

জ্বালানি সংকট মোকাবেলায় এর দক্ষ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে বলেছেন এ খাতের বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি সংকট মোকাবেলায় এর দক্ষ ব্যবহারের ওপর গুরুত্ব দিতে বলেছেন এ খাতের বিশেষজ্ঞরা। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে জ্বালানি সংরক্ষণ আইন চূড়ান্ত করারও দাবি জানিয়েছেন তারা। জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ইজাজ হোসেন বলেন, “বিদ্যুৎকেন্দ্র, সার ও চিনি কারখানাগুলোতে যথাযথভাবে জ্বালানির ব্যবহার না করতে পারলে জ্বালানি সংকট থেকে কখনোই মুক্তি পাওয়া সম্ভব না।” জ্বালানি সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে এর দক্ষ ব্যবহারের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, “অবিলম্বে জ্বালানি সংরক্ষণ আইন চূড়ান্ত করার পাশাপাশি তা প্রয়োগে সরকারকে গুরুত্ব দিতে হবে।” এসব ক্ষেত্রে সরকার নজর দেয় না অভিযোগ করে তিনি বলেন, “অনেক পুরনো বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলো মেরামত ও ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকার বেশি আগ্রহী। এভাবে তো এ খাতের সমস্যার সমাধান করা যাবে না।” তিনি বলেন, “আমদানি করা বিদ্যুৎ এবং কয়লা দিয়ে দেশের জ্বালানি খাতের সমস্যা সমাধান সম্ভব নয়, দেশের কয়লা উত্তোলন এবং আইনি লড়াইয়ে বঙ্গোপসাগরে পাওয়া ব্লকগুলোতে গ্যাস অনুসন্ধান শুরু করার উদ্যোগ নিতে হবে।” প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “দক্ষভাবে জ্বালানি ব্যবহারে গবেষণার বিকল্প নেই। এ খাত সংশ্লিষ্ট গবেষকদের এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।” তিনি বলেন, “ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও এর দক্ষ ব্যবহারে সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (এসআরইডএ) গঠন করা হয়েছে, শিগগিরই তা কাজ শুরু করবে।” বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুর্তজা আহমেদ ফারুক বলেন, “বায়ুদূষণ থেকে ঢাকা শহরকে রক্ষার জন্য যানবাহনে সিএনজি ব্যবহার শুরু হয়, অথচ এখন দেশের যেখানেই গ্যাস নেটওর্য়াক আছে সেখানেই সিএনজি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে গ্যাসের ঘাটতি মোকাবেলা করা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে।” জ্বালানির সুষ্ঠু ব্যবহারে জনগণকে সচেতন করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অপচয় করব না এই মানসিকতার পরিবর্তন না ঘটাতে পারলে সংকট থেকে পরিত্রাণ পাওয়া মুশকিল হবে।” জ্বালানিখাত বিষয়ক পাক্ষিক পাওয়ার অ্যান্ড এনার্জি আয়োজিত ওই বৈঠকে আরো বক্তব্য দেন বুয়েটের অধ্যাপক জেবুন নাসরিন আহমেদ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) প্রধান নির্বাহী কর্মকর্তা ইসলাম শরীফ, পাওয়ার অ্যান্ড এনার্জির সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৭৫৯ ঘ.