ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে সব ব্যাংক কৃষিঋণের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হবে তাদের রিজার্ভ থেকে টাকা কেটে তা কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
সাভার হোপ সেন্টারে শনিবার ‘স্ট্র্যাটেজিক প্ল্যান ডেভেলপমেন্ট’ শিরোনামে এক কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন গভর্নর।
তিনি বলেন, “ব্যাংকগুলোকে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। আশা করছি ব্যাংকগুলো সে লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবে।”
চলতি ২০১১-১২ অর্থবছর থেকে দেশি-বিদেশি সব বাণিজ্যিক ব্যাংকের মোট বিতরণ করা ঋণের কমপক্ষে ২ দশমিক ৫ শতাংশ ঋণ কৃষি খাতের বিতরণের উপর বাধ্যবাধকতা আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিতরণ সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, বেসরকারি ব্যাংকগুলো কৃষি ঋণ বিতরণ বাড়লেও বিশেষায়িত ও সরকারি ব্যাংকগুলোর কমেছে।
চলতি অর্থবছরে ব্যাংকগুলোকে ১৩ হাজার ৮০০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সরকারি ও বিশেষায়িত ব্যাংকের লক্ষ্যমাত্রা আট হাজার ৫১০ কোটি টাকা। আর বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য লক্ষ্যমাত্রা বেধে দেয়া হয় পাঁচ হাজার ২৯০ কোটি টাকা।
অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ব্যাংকগুলো সব মিলিয়ে সাত হাজার ৬৮৮ কোটি ৪৯ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে। এ সময়ে সরকারি মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করেছে পাঁচ হাজার ১৮৩ কোটি ৭১ লাখ টাকা। ৩০টি বেসরকারি ব্যাংক ও বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে দুই হাজার ৫০৫ কোটি ১৯ লাখ টাকা।
গত অর্থবছরের একই সময়ে সব ব্যাংক মিলে সাত হাজার ৯৯০ কোটি ২২ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছিল। তার মধ্যে সরকারি ও বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করে ছয় হাজার ১৪০ কোটি ৮৫ লাখ টাকা। বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো বিতরণ করে এক হাজার ৮৪৯ কোটি ৩৭ লাখ টাকা।
গত অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো এক হাজার ৯১৯ কোটি ৬৮ লাখ টাকার ঋণ আদায় করেছিল। চলতি অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ দুই হাজার ৬০০ কোটি ১৬ লাখ টাকা।
সরকারি ও বিশেষায়িত ব্যাংকগুলো এ সময়ে আদায় করেছে পাঁচ হাজার ৫৩২ কোটি ৪৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল পাঁচ হাজার ৬৩৯ কোটি ৬৪ লাখ টাকা।
বছর তিনেক আগে সরকারি ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্যও কৃষি ঋণ বিতরণ বাধ্যতামূলক করে কেন্দ্রীয় ব্যাংক।
সাভারে কর্মশালাটি আয়োজন করে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে যে সব ব্যাংকের গ্রামে শাখা নেই সে সব ব্যাংক এনজিওগুলোর মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১৩৩ ঘ.
bdnews24