২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি ব্যাংকের কৃষি ঋণ বাড়ছে

কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির কারণে বেসরকারি ব্যাংকগুলোর কৃষিখাতে দেওয়া কৃষি ঋণের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছেন গর্ভনর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির কারণে বেসরকারি ব্যাংকের কৃষি ঋণ বিতরণ বাড়ছে। চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) আড়াই হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ বিতরণ করেছে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো। গত অর্থবছরের এ সময়ে কৃষি ঋণ বিতরণের পরিমাণ ছিল এক হাজার ৮৪৯ কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোর কৃষি ঋণ বিতরণ বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের অর্থনীতি কৃষিনির্ভর। এতোদিন সরকারি ও বিশেষায়িত ব্যাংকগুলো কৃষি ঋণ দিত। এখন বেসরকারি ব্যাংকগুলোও এগিয়ে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের কড়া নজরদারির কারণে বেসরকারি ব্যাংকের কৃষি ঋণ বাড়ছে।” বেসরকারি ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বলেন, “গত অর্থবছরে কৃষি ঋণ বিতরণে অনেক ব্যাংক পিছিয়ে ছিল। মোট বিতরণ করা ঋণের কমপক্ষে আড়াই শতাংশ কৃষিখাতে বিতরণ করতে হবে-কেন্দ্রীয় ব্যাংকের এ বাধ্যবাধকতার কারণে এবার ঋণ বিতরণের পরিমাণ বেড়েছে।” কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০১১-১২ অর্থবছরে ব্যাংকগুলোকে ১৩ হাজার ৮০০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেধে দেয় বাংলাদেশ ব্যাংক। এরমধ্যে সরকারি ও বিশেষায়িত ব্যাংকের লক্ষ্যমাত্রা আট হাজার ৫১০ কোটি টাকা। আর বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য লক্ষ্যমাত্রা বেধে দেয়া হয় পাঁচ হাজার ২৯০ কোটি টাকা। অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ব্যাংকগুলো সবমিলিয়ে সাত হাজার ৬৮৮ কোটি ৪৯ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে। এ সময়ে সরকারি মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করেছে পাঁচ হাজার ১৮৩ কোটি ৭১ লাখ টাকা। ৩০টি বেসরকারি ব্যাংক ও বিদেশী ব্যাংকগুলো বিতরণ করেছে দুই হাজার ৫০৫ কোটি ১৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে সব ব্যাংক মিলে সাত হাজার ৯৯০ কোটি ২২ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছিল। তারমধ্যে সরকারি ও বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করে ছয় হাজার ১৪০ কোটি ৮৫ লাখ টাকা। বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো বিতরণ করে এক হাজার ৮৪৯ কোটি ৩৭ লাখ টাকা। বেসরকারি ব্যাংকগুলোর ঋণ আদায়ের পরিমাণও বেশ ভালো। গত অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো এক হাজার ৯১৯ কোটি ৬৮ লাখ টাকার ঋণ আদায় করেছিল। চলতি অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ দুই হাজার ৬০০ কোটি ১৬ লাখ টাকা। সরকারি ও বিশেষায়িত ব্যাংকগুলো এ সময়ে আদায় করেছে পাঁচ হাজার ৫৩২ কোটি ৪৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল পাঁচ হাজার ৬৩৯ কোটি ৬৪ লাখ টাকা। বছর তিনেক আগে সরকারি ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্যও কৃষি ঋণ বিতরণ বাধ্যতামূলক করে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছর থেকে ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের কমপক্ষে আড়াই শতাংশ কৃষি খাতে বিতরণের বাধ্যবাধকতা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। আতিউর রহমান বলেন, কৃষি ঋণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কঠোরভাবে তদারকি করা হচ্ছে। প্রকৃত কৃষকরা যাতে ঋণ পায় সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এবার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা- এ প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, “এবার বোরো মৌসুম একটু দেরিতে শুরু হয়েছে। সে কারণে ঋণ বিতরণের গতিও একটু ধীর। অর্থবছর শেষে অবশ্যই লক্ষ্যমাত্রা পূরণ হবে।” আলী রেজা ইফতেখার বলেন, “বেসরকারি ব্যাংকগুলোর কৃষি খাতে ঋণ বিতরণের অভিজ্ঞতা খুবই ভালো। আগে অনেক ব্যাংক এ খাতে ঋণ দিতে অনীহা প্রকাশ করলেও এখন এগিয়ে আসছে। ঋণ আদায়ের পরিমাণও ভালো। খেলাপি ঋণের পরিমাণও খুবই কম।” আগামী কৃষি খাতে বেসরকারি ব্যাংকগুলোর ঋণ বিতরণের পরিমাণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন এই ব্যাংকার। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে যে সব ব্যাংকের গ্রামে শাখা নেই সে সব ব্যাংক এনজিওগুলোর মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৭১৮ ঘ.