ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্কের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোকে নিয়ে ঢাকায় শুরু হচ্ছে একাদশ সার্ক ট্রেড ফেয়ার ও ট্যুরিজম মার্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন।
মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের এই বাণিজ্য মেলা সম্পর্কে বিস্তারিত জানান।
তিনি বলেন, সার্কভুক্ত আট দেশে উৎপাদিত কৃষি ও হস্তশিল্প ছাড়াও বিভিন্ন সম্ভাবনায় পণ্যের এ প্রদর্শনী খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এবার মেলায় থাকবে মোট ৩০০ স্টল।
এর মধ্যে শুধু পর্যটন খাতের জন্য ৫০টি এবং বাংলাদেশের জন্য ১৩০টি স্টল সংরক্ষিত থাকবে। সার্কের সদস্য অন্য দেশগুলোর জন্য ১০০টি এবং পর্যবেক্ষক দেশগুলোর জন্য ২০টি স্টল বরাদ্দ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, সার্কের পর্যবেক্ষক হিসাবে থাকা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, অস্ট্রেলিয়া, জাপান, চীন ও তুরস্কের ক্রেতাদের এ অঞ্চলের পণ্যের বিষয়ে আকৃষ্ট করা হবে এ প্রদর্শনীর অন্যতম লক্ষ্য।
এছাড়া মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইন, কম্বোডিয়া এবং সিঙ্গাপুরের দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণের বিষয়টিও মেলা আয়োজনের ক্ষেত্রে মাথায় রাখা হচ্ছে বলে জানান তিনি।
মেলার তিন দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মোট ছয়টি সেমিনার হবে। এর আগে ২৩ মার্চ একটি শোভাযাত্রার আয়োজন করা হবে।
অন্যদের মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান শুভাশীষ বসু এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এনএ/জেকে/১৬৪৫ ঘ.
bdnews24