২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে জাতীয় মজুরি বেড়েছে ১৩ শতাংশের বেশি: বিবিএস

মাসওয়ারি হিসাবে (পয়েন্ট-টু-পয়েন্ট) ফেব্রুয়ারি মাসে জাতীয় মজুরির হার ১৩ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 07:04 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাসওয়ারি হিসাবে (পয়েন্ট-টু-পয়েন্ট) ফেব্রুয়ারি মাসে জাতীয় মজুরির হার ১৩ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে গত কয়েক মাস ধরে মজুরি বাড়ছে। জানুয়ারি মাসে বেড়েছিল ১২ দশমিক ১৩ শতাংশ। বিবিএস মহাপরিচালক শাহজাহান মোল্লা সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির পাশাপাশি মজুরির এ হালনাগাদ এ তথ্য প্রকাশ করেন। প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করে জাতীয় মজুরির তথ্য প্রকাশ করল বিবিএস। এর আগে সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হলেও মজুরির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মজুরি বাড়ায় মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে দাবি করে বিবিএস মহাপরিচালক বলেন, “গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতির চেয়ে মজুরির হার বৃদ্ধি বেশি পরিলক্ষিত হচ্ছে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। “মূল্যস্ফীতি বেশি থাকলেও মানুষ কষ্টে নেই। এমনকি গ্রামের মানুষও ভালো আছে।” এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আগে উত্তরাঞ্চলে মঙ্গার খবর ফলাও করে পত্র-পত্রিকায় ছাপা হতো। এখন সেটা দেখা যায় না; শোনাও যায় না। মানুষের আয় বেড়েছে- এটাই বড় প্রমাণ। মানুষ এখন পাঁচ টাকা দিয়ে একটি কলা কিনে খাচ্ছে।” সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ডিসেম্বর মাসে জাতীয় মজুরির হার ছিল ১১ দশমিক ৩৫ শতাংশ। জানুয়ারি মাসে তা বেড়ে ১২ দশমিক ১৩ শতাংশে দাঁড়ায়। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে তা আরো বেড়ে ১৩ দশমিক ৫৪ শতাংশে দাঁড়িয়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে উৎপাদনমুখি শিল্প খাতে (ম্যানুফ্যাকচারিং ইন্ড্রাস্ট্রি) মজুরি বেড়েছে ৭ শতাংশ। জানুয়ারি ও ডিসেম্বর মাসে বেড়েছিল যথাক্রমে ৫ দশমিক ৫৩ ও ৫ দশমিক ৫৪ শতাংশ। নির্মাণ খাতে মজুরির হার বেড়েছে ৩৮ শতাংশ। জানুয়ারি ও ডিসেম্বরে বেড়েছিল যথাক্রমে ৩৬ দশমিক ৭৪ ও ৩৩ দশমিক ৯৬ শতাংশ। ফেব্রুয়ারি মাসে কৃষি খাতে মজুরি বেড়েছে ১৫ দশমিক ৬৯ শতাংশ। জানুয়ারি ও ডিসেম্বর মাসে এর বৃদ্ধির হার ছিল যথাক্রমে ১৪ দশমিক ২১ ও ১৪ দশমিক ৩৭ শতাংশ। মৎস্য খাতে মজুরি বেড়েছে ৪ দশমিক ৭৯ শতাংশ। জানুয়ারি ও ডিসেম্বরে মজুরি বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৩ দশমিক ৬২ ও ১ দশমিক ৯৭ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের একাধিক মন্ত্রী ‘মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে’ বলে দাবি করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/০১০৪ ঘ.