আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম গড়ে ৫ দশমিক ৭৯ শতাংশ হারে বাড়ানোর পক্ষে মত দিয়েছে বিইআরসির মূল্যায়ন কমিটি, যে বিষয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হতে পারে।
পাইকারির পাশাপাশি বিশেষ আদেশে অন্তর্র্বতীকালীন সময়ের জন্য খুচরা বিদ্যুতের দামও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিইআরসির এক সদস্য।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের ওপর গণশুনানি হয়। বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, সদস্য সেলিম মাহমুদ ও মো. ইমদাদুল হক এতে উপস্থিত ছিলেন।
পিডিবি গত ১৩ মার্চ প্রতি ইউনিট পাইকারি বিদ্যুতের দাম গড়ে ১১ শতাংশ বাড়ানোর জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির কাছে প্রস্তাব দেয়।
শুনানি শেষে বিইআরসি সদস্য সেলিম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে ফুয়েল কস্ট এডজাস্টমেন্ট (তেলের দাম সমন্বয়) করার জন্য পিডিবি দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
“কমিশনের আবেদন মূল্যায়ন কমিটি তাদের সুপারিশে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ টাকা ৭৪ পয়সা থেকে ৫ দশমিক ৭৯ শতাংশ বাড়িয়ে ৩ টাকা ৯৬ পয়সা করার কথা বলেছে”, বলেন তিনি।
খুচরা বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়ে সেলিম বলেন, এই ক্ষেত্রে বিতরণকারী সংস্থাগুলোর প্রস্তাব পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
শুনানিতে পিডিবির পক্ষে চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির এবং বিইআরসির পক্ষে ভারপ্রাপ্ত পরিচালক (বিদ্যুৎ) মো. জাকির হোসেন মজুমদার ও পরিচালক (অর্থ) মোহাম্মদ আবু ফারুক অংশ নেন।
পিডিবি তাদের প্রস্তাবে চলতি মাসের ১ তারিখ থেকে নতুন দাম কার্যকরের সুপারিশ করে।
পিডিবির প্রস্তাবে বলা হয়, সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়ে গেছে। এ কারণে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ টাকা ৭৪ পয়সা থেকে ১১ শতাংশ বাড়িয়ে ৪ টাকা ১৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সে হিসেবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪১ পয়সা বাড়ানোর কথা বলা হয়েছে।
বর্তমানে ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয় জ্বালানি তেল (ডিজেল ও ফার্নেস অয়েল) থেকে, বাকি বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস, কয়লা ও জল (হাইড্রো) থেকে।
সর্বশেষ গত বছরের ২৯ ডিসেম্বর জ্বালানির তেলের দাম বাড়ানো হয়। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেল ৬১ টাকা, কেরোসিন ৬১ টাকা, পেট্রোল ৯১ টাকা, অকটেন ৯৪ টাকা ও ফার্নেস অয়েল ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এর আগে গত বছরের ২৪ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম দুই ধাপে বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। ওই ঘোষণা অনুযায়ী গত বছরেই তৃতীয় দফায় পাইকারি বিদ্যুতের দাম বাড়নো হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক দফা দাম বাড়ানো হয়েছে।
সে অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ টাকা ২৭ পয়সা থেকে ১৪ দশমিক ৩৭ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয় ৩ টাকা ৭৪ পয়সা, যা ১ ফেব্র“য়ারি থেকে কার্যকর হয়েছে।
পিডিবির প্রস্তাাবে আরো বলা হয়, জ্বালানি তেলের দাম বাড়ায় উৎপাদন ব্যয় সামগ্রিকভাবে পাইকারি পর্যায়ে ২১ পয়সা বৃদ্ধি পেয়ে ৫ টাকা ২৯ পয়সার স্থলে ৫ টাকা ৫০ পয়সা হয়েছে। এর ফলে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রায় ১২৫ কোটি টাকা ঘাটতি হয়েছে। একই কারণে মার্চ থেকে জুন পর্যন্ত অতিরিক্ত ব্যয় হবে ৫৬৪ কোটি টাকা।
অতিরিক্ত এই ব্যয়ের ঘাটতি মেটাতে পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে পিডিবির প্রস্তাবে বলা হয়।
পিডিবি একক ক্রেতা হিসেবে ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি), ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ইলেক্ট্রিসিটি পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (ইজিসিবি) ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনে।
এই বিদ্যুৎ পাইকারি গ্রাহক ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও আরইবির কাছে এবং নিজস্ব বিতরণ অঞ্চলে খুচরা গ্রাহকের কাছে বিইআরসির নির্ধারিত দামে বিক্রি করে পিডিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24