ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্কমুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি একে আজাদ।
বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা ট্যাক্স দেই আর ডিউটি ফ্রি গাড়ি পায় অন্যরা। একই দেশে যখন বৈষম্য দেখি, তখন কষ্ট লাগে। আমাদের ট্যাক্সের টাকা যখন অপচয় হয়, সেটাও কষ্ট দেয়।”
‘আয়কর ও মূসক বিষয়ক বিকল্প বিরোধ নিষ্পত্তি’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অনুষ্ঠানের আয়োজন করে।
এফবিসিসিআই সভাপতি দাবি করেন, বাংলাদেশে আয়কর, ভ্যাট ও কাস্টমস ফি দেওয়া বাড়লেও কর শনাক্ত নম্বরধারী (টিন) অন্তত ২০ লাখ মানুষ কর দিচ্ছেন না।
তিনি বলেন, “আমরা অনেকে ইনকাম টেক্স দেই না। দেশের ১০ লাখ লোক আয়কর রিটার্ন দাখিল করি। অথচ ৩০ লাখ মানুষের টিন নম্বর আছে।”
২০০৯-১০ অর্থ বছরে ৫২ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিলো জানিয়ে আজাদ বলেন, “২০১২-১৩ অর্থ বছরে ১ লাখ ১২ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য নিতে যাচ্ছে সরকার। এটি অনেক বড় অর্জন হবে।”
এফবিসিসিআই প্রতিনিধিরা বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিতে অবদান রাখতে পারবেন বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। তবে একই সঙ্গে রাজস্ব কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিতের ব্যাপারেও গুরুত্বারোপ করেন তিনি।
একে আজাদ বলেন, “এনবিআরের মূসক কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একজন কর্মকর্তা মাঠ পর্যায়ে গিয়ে ১০ হাজার টাকা জরিমানা করে দেয়। এটা কতটা বাস্তব সম্মত?। অনেক সময় সামান্য একজন দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। যেখানে তার দৈনিক বেচা কেনাই হয়, দুই হাজার টাকা।”
পরে সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ আজাদের বক্তব্যের জবাবে জানান, মন্ত্রী-এমপিদেরকেও এখন ট্যাক্স দিতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, এনবিআরের সদস্য (আয়কর নীতি) সৈয়দ মো. আমিনুল করিম, প্রথম সচিব (ভ্যাট) ড. মো. আব্দুর রউফ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৭৪৯ ঘ.
bdnews24