ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইলায় ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশকে দুই কোটি ইউরো দেবে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সচিবালয়ে দেখা করে ইউরোপিয়ান ইউনিয়নের মানবিক সহায়তা সংস্থার ইউনিট প্রধান এসকো কেন্ট্রস্কিনস্কির নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল এ তথ্য জানায়।
এক তথ্য বিবরণীতে এ কথা উল্লেখ করে বলা হয়, এ সাহায্য দেওয়া হবে মানবিক সাহায্য হিসেবে।
২০০৯ সালের মে মাসে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়।
প্রতিনিধি দল জানায়, ইইউ সমন্বিত দুর্যোগ মোকাবেলার চলতি কর্মসূচিতে এক কোটি ৭০ লাখ ইউরো সহায়তা দিয়েছে।
প্রলয়ঙ্কারি ঘূর্ণিঝড় সিডরের পরও ইইউ বাংলাদেশকে চার কোটি ইউরো সহায়তা দিয়েছিল।
মন্ত্রী উপকূলীয় এলাকার অবকাঠামো উন্নয়নে সহায়তা দিতে ইউরোপিয়ান ইউনিয়নকে অনুরোধ জানান।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে এ এলাকার জনসাধারণকে রক্ষা করতে হলে প্রতিরক্ষা বাঁধগুলো উঁচু ও মজবুত করতে হবে।
প্রতিনিধি দল, আগামীতে অবকাঠামো উন্নয়নে সহায়তার বিষয়ে আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২৩৪৮ ঘ.
bdnews24