২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশসহ এশিয়ার ৭ দেশে ব্যবসা গোটাবে এইচএসবিসি’

বাংলাদেশসহ এশিয়ার সাতটি দেশ থেকে এইচএসবিসি ব্যবসা গুটিয়ে নেবে বলে ব্রিটেনের ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হলেও বিষয়টি নাকচ করেছেন বহুজাতিক এই ব্যাংকের বাংলাদেশের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 09:14 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশসহ এশিয়ার সাতটি দেশ থেকে এইচএসবিসি ব্যবসা গুটিয়ে নেবে বলে একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে। লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস সোমবার একটি প্রতিবেদনে জানিয়েছে, ব্যবসার দিক থেকে দুর্বল সাতটি দেশ থেকে কার্যক্রম গুটিয়ে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক এই ব্যাংক এশিয়ায় হংকংয়ের বাইরে অন্য ছয়টি লাভজনক বাজারে বিনিয়োগে জোর দেবে। তবে এইচএসবিসির বাংলাদেশের কার্যালয় জানিয়েছে, এশিয়ার কোনো দেশ থেকেই ব্যাংকটি ব্যবসা গুটিয়ে নিচ্ছে না। এইচএসবিসির এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী পিটার অং ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, হংকংয়ের বাইরে ছয়টি প্রধান বাজারে গুরুত্ব দেবেন তারা, যেখানে লাভের হার বেশি। এছাড়াও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দুটি দেশেও বিনিয়োগ বাড়াবে তারা। ফিন্যান্সিয়াল টাইমস জানায়, বাংলাদেশ, ব্্রুনেই দারুসসালাম, ম্যাকাও, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপিন্স ও শ্রীলংকায় এইচএসবিসির ব্যাংকিং কার্যক্রম বিক্রি অথবা বন্ধ করে দেওয়া হতে পারে। এসব দেশে ব্যাংকটির ১০টি থেকে ২০টি পর্যন্ত শাখা আছে। ব্যাংকটি এরই মধ্যে জাপান ও থাইল্যান্ডে তাদের শাখাগুলো বিক্রি অথবা বন্ধ করে দিয়েছে। অং বলেন, হংকংয়ের বাইরে এইচএসবিসির জন্য গুরুত্বপূর্ণ দেশগুলো হল অস্ট্রেলিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়শিয়া ও সিঙ্গাপুর। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভিয়েতনাম ও তাইওয়ানেও বিনিয়োগ বাড়াবে ইউরোপের সবচেয়ে বড় এই ব্যাংক। ফিন্যান্সিয়াল টাইমসে প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশে এইচএসবিসির বিপণন ও যোগাযোগ প্রধান নোমান আনওয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “এশিয়ার কোনো দেশ থেকেই আমরা ব্যবসা গুটিয়ে নিচ্ছি না।” এতে বলা হয়, “বিশ্ববাণিজ্যে এশিয়ার ক্রমবর্ধমান প্রাধান্যের আলোকে বাংলাদেশ এইচএসবিসির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতি। এখানে দীর্ঘমেয়াদে একটি টেকসই ও সফল কার্যক্রম পরিচালনা করাই আমাদের উদ্দেশ্য।” এইচএসবিসি বাংলাদেশের ওয়েবসাইটে বলা হয়েছে, ব্যাংকটি ১৯৯৬ সালের ডিসেম্বরে বাংলাদেশে প্রথম শাখা খোলে। বর্তমানে বাংলাদেশে ব্যাংকটির ১৩টি শাখা ও ৩৮টি এটিএম বুথ রয়েছে। ২০১০ সালে ব্যাংকটির মোট কর্মী ছিল ১ হাজার ৫১ জন। এইচএসবিসির হংকং কার্যালয় অবশ্য সাতটি দেশে ব্যবসা গুটিয়ে নেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। একজন মুখপাত্র বলেন, “অগ্রাধিকারভিত্তিকে ছয়টি এবং কৌশলগত দুইটি বাজারে গুরুত্ব দেওয়ার মানে এই নয় যে আমরা অন্য বাজার থেকে ব্যবসা গুটিয়ে নেব।” এইচএসবিসির প্রধান নির্বাহী স্টুয়ার্ট গালিভার গত বছরের মে মাসে বলেছিলেন, ব্যাংকটির ৬১টি দেশের মধ্যে ৩৯টিকেই রিটেইল ব্যাংকিংয়ে পিছিয়ে পড়ছে প্রতিষ্ঠানটি। এ বাজারগুলোতে এইচএসবিসির ব্যাংকিং নতুন করে সাজাতে হবে অথবা বিক্রি বা বন্ধ করে দিতে হবে। এসব দেশে এইচএসবিসির ৪২০টি শাখা রয়েছে। ২০১০ সালে এই ৩৯টি দেশে মোট ক্ষতি হয়েছে ২৪ কোটি ৪০ লাখ ডলার। এরপর ব্যাংকটি এরকম ১৫টি দেশ থেকে বাবসা গুটিয়ে নেওয়ার কথা জানায়, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও মধ্য আমেরিকার কিছু দেশ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৩৪৬ ঘ.