২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রার কম

চলতি অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি আয়ের পরিমাণ ১ হাজার ৫৯০ কোটি ৩৮ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি আয় বাড়ার গতি অব্যাহত থাকলেও চলতি অর্থবছরের প্রথম আট মাসে লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ১ হাজার ৫৯০ কোটি ৩৮ লাখ ডলার আয় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি। গত অর্থবছর রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ছিল ৪২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম আট মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৮৬ শতাংশ আয় কম এসেছে বলে বৃহস্পতিবার ইপিবির তথ্যে দেখা যায়। চলতি ২০১১-১২ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৬৫০ কোটি ডলার। জুলাই-ফেব্রুয়ারি সময়ের কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৬৭১ কোটি ৬২ লাখ ডলার; এর বিপরীতে কম এসেছে ৮১ কোটি ডলার। গত অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৪০৭ কোটি ডলার। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে ১৯৭ কোটি ৯৩ লাখ ডলারের রপ্তানি আয় দেশে এসেছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে এসেছিল ১৮৮ কোটি ৬০ লাখ ডলার। এই বছরের ফেব্রুয়ারি মাসে লক্ষ্যমাত্রা ছিল ২১৪ কোটি ৬৫ লাখ ডলার। বরাবরের মতো জুলাই-ফেব্রুয়ারি সময়েও সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে নিট পোশাক রপ্তানি থেকে। এ খাত থেকে ৬২৯ কোটি ৭১ লাখ ডলারের রপ্তানি আয় এসেছে, যা গত বছরের একই সময়ে চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ বেশি। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৫৭ শতাংশ আয় কম এসেছে বলে পরিসংখ্যান বিশ্লেষনে দেখা যায়। অর্থবছরের প্রথম আট মাসে উভেন পোশাক রপ্তানি বেড়েছে ২২ দশমিক ২০ শতাংশ। এ খাত থেকে আয় হয়েছে ৬২৬ কোটি ১০ লাখ ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে এ খাতে রপ্তানি আয় ৩ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। অন্যান্য পণ্যের মধ্যে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে ১৩ দশমিক ৬৬ শতাংশ। হিমায়িত মাছ রপ্তানি বেড়েছে ৩ দশমিক ১৭ শতাংশ। কৃষি পণ্য রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯৫৩ ঘ.