২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ছবিসহ নতুন নোট অবমুক্ত

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। এর মধ্য দিয়ে সব ধরনের নোটে বঙ্গবন্ধুর ছবি সংযোজিত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। এর মধ্য দিয়ে সব ধরনের নোটে বঙ্গবন্ধুর ছবি সংযোজিত হলো। গভর্নর আতিউর রহমান বুধবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে এই তিন ধরনের নোট আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের কাউন্টার থেকে নতুন নকশার নোটগুলো পাওয়া যাচ্ছে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস ও সব বাণিজ্যিক ব্যাংকেও এসব নোট পাওয়া যাবে। নোটগুলো অবমুক্ত করে গর্ভনর বলেন, “বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও আবহমান গ্রাম-বাংলার চিত্র প্রতিফলিত হয়েছে এসব নোটে। এ সব নোটে এমন সব বৈশিষ্ট যোগ করা হয়েছে যাতে দৃষ্টি প্রতিবন্ধীরাও হাত বুলিয়ে সহজেই তা সনাক্ত করতে পারেন।” এর আগে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ২, ৫, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট বাজারে ছাড়া হয়। নতুন ১০, ২০ ও ৫০ টাকার নোট ছাড়ার মধ্য দিয়ে সব ধরনের নোটেই এখন বঙ্গবন্ধুর ছবি সংযোজিত হল। বঙ্গবন্ধুর ছবি সম্বলিত এক টাকা ও দুই টাকা মূল্যমানের ধাতব মুদ্রাও বাজারে ছাড়া হয়েছে। কিছুদিনের মধ্যেই বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পাঁচ টাকা মূল্যমানের ধাতব মুদ্রাও বাজারে ছাড়া হবে। প্রথম দফায় ১০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে এক কোটি ৭৫ লাখ। ২০ টাকার নোট ছাড়া হয়েছে এক কোটি ৫৫ লাখ। আর ৫০ টাকার নোট ছাড়া হয়েছে দুই কোটি ২৫ লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৩২৯ ঘ.