২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে আরো বিদ্যুৎ আনার দরপত্র এ মাসে

ভারত থেকে আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে চলতি মাসেই দরপত্র ডাকা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে চলতি মাসেই দরপত্র ডাকা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, “২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বিদ্যুৎ খাতে সহযোগিতার জন্য উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক হয়।” “ওই সময় প্রধানমন্ত্রী ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির আগ্রহ প্রকাশ করেন।” গত ২৮ ফেব্র“য়ারি নয়া দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠকে ভারত ‘আনঅ্যালোকেটেড রিসোর্স’ থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের কাছে বিক্রি করার সিদ্ধান্ত জানায়। সে অনুযায়ী ওইদিনই বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি হয়। বাকি ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে দরপত্র ডাকার সিদ্ধান্তের কথা মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে জানান বিদ্যুৎ সচিব। সে অনুযায়ী চলতি মাসেই দরপত্র আহ্বান করা হবে বলে জানান তিনি। এ বিদ্যুৎ আমদানির জন্য ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণের কাজ চলছে বলে জানান বিদ্যুৎ সচিব। তিনি বলেন, “উত্তর-পূর্ব ভারতে অংশীদারিত্বে ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। ভারত তাতে ইতিবাচক সাড়া দিয়েছে।” ভারতের ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ অংশ নিতে চায় উল্লেখ করে তিনি বলেন, “এ ব্যাপারে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যা তিন মাসের মধ্যে প্রতিবেদন দেবে।” বাগেরহাটের রামপালে সুন্দরবনের কাছে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে সেজন্য যৌথ মূলধনী কোম্পানি গঠনের বিষয়ে স্টিয়ারিং কমিটির ওই বৈঠকে আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসেই ঢাকায় এ কোম্পানীর নিবন্ধন করা হবে এবং এপ্রিলের মধ্যে প্রথম সভা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি নিয়ে উভয় দেশ কীভাবে এক সঙ্গে কাজ করতে পারে সেব্যাপারে আলোচনা হয় ওই বৈঠকে। বিদ্যুৎ সচিব জানান, বাংলাদেশের জ্বালানি খাতের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গত ১ মার্চ নয়া দিল্লিতে এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশের বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন ও বিতরণ নিয়ে আলোচনা হয়। “ওই বৈঠকে ভারতের প্রায় একশ জন বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।” “এছাড়া ১২ থেকে ১৪টি কোম্পানীর সঙ্গে পৃথকভাবে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আলোচনা হয়েছে, তারা এ দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।” বিদ্যুৎ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীরসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২২১৫ ঘ.