আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের দেনা শোধের পর দেশে বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ আবারো ৯০০ কোটি মার্কিন ডলারে নেমে আসছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, আমদানি বিল বাবদ এবার ৮৯ কোটি ২০ লাখ ডলার পরিশোধ করতে হবে।
মঙ্গলবার এ দেনা শোধের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবার ৯০০ কোটি (৯ বিলিয়ন) ডলারের ঘরে নেমে আসবে।
প্রতি দুই মাস পর পর আকুর দেনা পরিশোধ করতে হবে।
এর আগে গত বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মেয়াদে আকুর দেনা সর্বোচ্চ ৯৯ কোটি ৩০ লাখ ডলার শোধ করা হয়েছিল। নভেম্বর-ডিসেম্বর মেয়াদে করা হয়েছিল ৯৭ কোটি ৬০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছায়েদুর রহমান সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৭ মার্চ আকুর জানুয়ারি-ফেব্রুয়ারি মেয়াদের বিল িেপশাধ করা হবে। ইতিমধ্যেই সব হিসাব চূড়ান্ত করা হয়েছে। এবার আকুর তৃতীয় সর্বোচ্চ দেনা পরিশোধ করা হচ্ছে।”
দেনা পরিশোধের পর রিজার্ভ ৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসবে বলে স্বীকার করেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ৯৯৮ কোটি ৪৭ লাখ (৯ দশমিক ৯৮ বিলিয়ন) ডলার। এর মধ্যে ৮৯ কোটি ২০ লাখ ডলার শোধ করা হলে রিজার্ভ ৯০৯ কোটি ২৭ লাখ (৯ দশমিক শূন্য ৯ বিলিয়ন) ডলারে নেমে আসবে।
আমদানি ব্যয় কমার কারণে এই রিজার্ভ দিয়ে তিন মাসের বেশি আমদানি দেনা পরিশোধ করা যাবে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের কমপক্ষে তিন মাসের আমদানি দেনা পরিশোধের সমপরিমাণ রিজার্ভ রাখা হয়।
সর্বশেষ গত জানুয়ারি মাসে বিভিন্ন ধরনের পণ্য আমদানির জন্য ২৮১ কোটি ৪৬ লাখ ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। গত বছরের জানুয়ারি মাসে এলসি খোলার পরিমাণ ছিল ৩৮৪ কোটি ২৮ লাখ ডলার।
এ হিসাবে গত বছরের জানুয়ারি চেয়ে চলতি বছরের জানুয়ারিতে পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার পরিমাণ কমেছে ২৬ দশমিক ৭৬ শতাংশ।
অন্যদিকে নভেম্বর ও ডিসেম্বর মাসে এলসি খোলার পরিমাণ কমে যথাক্রমে ২২ দশমিক ৭২ ও ২৩ দশমিক ৮৯ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার ১১৫ কোটি ৮৬ লাখ (১১ দশমিক ১৬ বিলিয়ন)। ৩০ জুন রিজার্ভ ছিল ১০ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
গত বছরের শেষ দুই মাস নভেম্বর-ডিসেম্বর মেয়াদের আকুর দেনা পরিশোধের পর রিজার্ভ ৯ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১১৭ ঘ.
bdnews24