ঢাকা, মার্চ ০৫ (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সরকার তুলা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয় কারখানাগুলোর জন্য তুলার সরবরাহ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তুলা রপ্তানি নিষিদ্ধ থাকবে।”
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ। দেশটির রপ্তানি করা তুলার প্রায় ৮০ শতাংশই যায় চীনে।
বেশি পরিমাণ তুলা রপ্তানি করায় স্থানীয় কাপড়ের কারখানাগুলো সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। রপ্তানি বন্ধের সিদ্ধান্তে বস্ত্রশিল্প সংশ্লিষ্টরা খুশি হলেও প্রতিবাদ জানিয়েছে তুলা রপ্তানিকারকেরা।
ভারতের কটন অ্যাসোসিয়েশনের সভাপতি ধীরেন এন শেঠ বলেন, “এটা খুব হতাশাজনক সিদ্ধান্ত। এতে আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। তুলার দামও অনেক কমে যাবে।”
স্থানীয় বাজারে প্রতি ক্যান্ডি (৩৫৬ কিলোগ্রাম) তুলার ৩৪ হাজার থেকে ৩৫ হাজার রুপিতে বিক্রি হচ্ছে। ২০১১ সালের মার্চে অবশ্য তা রেকর্ড ৬১ হাজার ৭০০ রুপিতে পৌঁছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৪১ ঘ.
bdnews24