ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রবাসী বাংলাদেশিরা ৮৪২ কোটি (৮ দশমিক ৪২ বিলিয়ন) ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠান।
যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ১৫ শতাংশ বেশি।
গত কয়েক মাস ধরেই ১০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স দেশে আসছে।
সর্বশেষ ফেব্র“য়ারি মাসে এসেছে ১১৩ কোটি ৯ লাখ ডলার। যা গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ১৪ দশমিক ৫৮ শতাংশ বেশি।
অতীতের সব রেকর্ড ভেঙে জানুয়ারি মাসে ১২২ কোটি ডলারের রেমিট্যান্স দেশে পাঠান প্রবাসীরা। এর আগে এক মাসে এতো রেমিট্যান্স দেশে আসেনি।
ডিসেম্বর মাসে এসেছিল ১১৪ কোটি ডলার।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদেশে জনশক্তি রপ্তানির পরিমাণ বৃদ্ধি, ব্যাংকগুলোর এক্সচেঞ্জ হাউজের সংখ্যা বৃদ্ধি এবং সহজেই বিদেশি মুদ্রা হিসাব খোলার সুযোগ সৃষ্টির কারণে রেমিট্যান্স বাড়ছে।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের নমনীয় বিদেশি মুদ্রা বিনিময় হার নীতি কৌশলের কারণেও রেমিট্যান্স বাড়ছে বলে জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানুয়ারি মাস ছিল ৩১ দিনের। ওই মাসে ১২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। আর ফেব্রুয়ারি মাস ছিল ২৯ দিনের, তারপরও ১১৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।”
রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারা আগামী মাসগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১০১ কোটি ৫৫ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে। অগাস্ট মাসে আসে ১১০ কোটি ১৭ লাখ ডলার।
সেপ্টেম্বরে আসে ৮৫ কোটি ৫৪ লাখ ডলার। অক্টোবর ও নভেম্বরে এসেছে যথাক্রমে ১০৩ কোটি ৯৪ লাখ ও ৯০ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স।
রেমিট্যান্স প্রবাহ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। রোববার রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার ৩ কোটি (১০ বিলিয়ন) ডলার। মাস দেড়েক আগেও এই রিজার্ভ ৮৮০ কোটি ডলারে নেমে এসেছিল।
তবে চলতি সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের আমদানি বিল পরিশোধ করতে হবে। তখন রিজার্ভ আবার কমে আসবে বলে নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১৫৪ ঘ.
bdnews24