ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ১০টি বড় মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার মাত্র ১৩ শতাংশ।
এর মধ্যে সবচেয়ে পিছিয়ে সেতু বিভাগ, যেটি বরাদ্দের মাত্র এক শতাংশ ব্যয় করতে পেরেছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন।
তিনি বলেন, ওই ১০টি মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে বাজে অবস্থা সেতু বিভাগে। মোট বরাদ্দের মাত্র এক শতাংশ বা ৩০ কোটি ৮৫ লাখ টাকা খরচ কতে পেরেছে এটি।
এ সময় পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে সৃষ্ট জটিলতা নিরসনে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও সংসদকে অবহিত করেন অর্থমন্ত্রী।
ওই প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুৎ বিভাগ তুলনামূলকভাবে সবচেয়ে আশাব্যঞ্জক অগ্রগতি দেখিয়েছে। এই বিভাগ বরাদ্দের ২২ শতাংশ বা এক হাজার পাঁচশ’ ৯৭ কোটি টাকা খরচ করেছে। যেখানে দ্বিতীয় অবস্থানে থাকা স্থানীয় সরকার বিভাগের ব্যয়ের হার ১৬ শতাংশ বা এক হাজার চারশ’ ৬৬ কোটি টাকা।
মুহিত বলেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে নেওয়া সরকারের মহাপরিকল্পনা অনুযায়ী ২০১৫ সাল নাগাদ জাতীয় গ্রিড লাইনে অতিরিক্ত দুই হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।
ওই দুটি বাদে এডিপি বরাদ্দের শতকরা দুই অঙ্ক অতিক্রম করতে পেরেছে আরো তিনটি মন্ত্রণালয়। এর মধ্যে রেলওয়ে বিভাগ ১৩ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা ১২ শতাংশ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ১০ শতাংশ।
এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ব্যয় করেছে ১০০ কোটি টাকা বা নয় শতাংশ, যেখানে সড়ক বিভাগের ব্যয়ের পরিমাণ একশ’ ৭০ কোটি বা সাত শতাংশ। শিক্ষা মন্ত্রণালয় ব্যয় করেছে ছয় শতাংশ এবং বরাদ্দে মাত্র তিন শতাংশ খরচ করে সবচেয়ে নিচে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২১৪৫ ঘ.
bdnews24