ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপণনের ক্ষেত্রে ভবিষ্যতে তত্ত্ব ও প্রয়োগে মানুষের বোধ, বুদ্ধি ও মনকে গুরুত্ব দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব বিপণন সম্মেলন।
তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিন শনিবার গৃহীত হয় ঢাকা ঘোষণা। রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এ ঘোষণা পড়েন সম্মেলনের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার।
ঘোষণায় বলা হয়, “উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ইতিমধ্যে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অন্যান্য দেশে গৃহীত হচ্ছে।”
বর্তমানে প্রচলিত ধারণা ও প্রায়োগিক প্রচেষ্টার মাধ্যমে বিশ্বের সমস্যা সমাধান নাও হতে পারে উল্লেখ করে এতে বলা হয়, এক্ষেত্রে বিপণনকে ব্যবহার করা যেতে পারে।
‘এখন সময় বাংলাদেশের’
সম্মেলনের সমাপনীতে বিপণন ‘গুরু’ ফিলিপ কটলার বলেন, প্রত্যেক দেশেরই নিজস্ব সম্ভাবনা ও সমস্যা থাকে যার সমাধান থাকে ওই দেশেরই মানুষের হাতে।
বাংলাদেশকে খুবই শান্তিপূর্ণ দেশ হিসাবে অভিহিত করে তিনি বলেন, শান্তি ও সমৃদ্ধির মধ্য দিয়ে এ দেশ এগিয়ে যেতে পারে।
উন্নয়নের চীনা বা ভারতীয় অর্থনৈতিক ধারা রয়েছে উল্লেখ করে কটলার বলেন, “এখন সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা নির্ধারণের।”
গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে ফিলিপ কটলার বলেন, বিদেশে অনেকেই বাংলাদেশকে চেনে তার মাধ্যমে।
“তার ক্ষুদ্র ঋণ [কর্মসূচি] গরীবদের সুযোগ করে দিয়েছে।”
প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি দুই উৎসকে কাজে লাগানোর আহ্বান জানান।
সম্মেলনে অংশ নেওয়া অনেকেরই বাংলাদেশ সম্পর্কে ধারণা ছিল না উল্লেখ করে সম্মেলনের চেয়ারম্যান সৈয়দ ফারহাত বলেন, “এখন তারা সবাই ইতিবাচক মনোভাব নিয়ে ঢাকা ছাড়ছেন। বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে পারাটা সম্মেলনের একটি বড় অর্জন।”
শিক্ষাবিদ, কর্পোরেট, বৈশ্বিক ও বেসরকারি সংস্থার ৬০ জনের বেশি প্রতিনিধি বিশ্ব বিপণন সম্মেলনে অংশ নেন।
দ্বিতীয় বিশ্ব বিপণন সম্মেলন হবে আগামী বছরের মার্চ মাসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/১৮৪২ ঘ.
bdnews24