২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবকাঠামো ঠিক করে ট্রানজিট হলে উন্নয়ন হবে’

অর্থমন্ত্রী বলেছেন, অবকাঠামো ঠিক করে ট্রানজিট দেওয়া গেলে এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী বলেছেন, অবকাঠামো ঠিক করে ট্রানজিট দেওয়া গেলে এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে। ট্রানজিট হলে বাংলাদেশ এই অঞ্চলের [দক্ষিণ এশিয়া] অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলেও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এ ক্ষেত্রে অবকাঠামোগত নানা সমস্যা ‘স্বীকার করে’ শনিবার বিকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এ জন্যে আগে আমাদের অবকাঠামোগত সুবিধা বাড়াতে হবে। আমাদের রাস্তা ঠিক নেই।” বাংলাদেশের অবকাঠামো বর্তমানে ভারতকে ট্রানজিট দেওয়ার উপযোগী নয় বলে স¤প্রতি এক অনুষ্ঠানে বলেছিলেন অর্থমন্ত্রী। ভারত তার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের সুবিধায় বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট চেয়ে আসছে দীর্ঘদিন ধরে। এ বিষয়ে গত বছরের শেষ ভাগে দুই দেশের মধ্যে একটি সম্পতিপত্র বিনিময় হওয়ার কথা থাকলেও তা হয়নি। রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শনিবার জালালাবাদ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছিলেন অর্থমন্ত্রী। ট্রানজিটের রুট নিয়ে কিছুটা সমস্যা রয়েছে উল্লেখ করে মুহিত বলেন, “আগে ট্রানজিটের রুটটি সিলেটের জকিগঞ্জ থেকে বের হওয়ার কথা ছিল। বিএনপি সরকারের সময়ে এটা তামাবিল সীমান্ত দিয়ে করা হয়েছে।” “সেখানে এখন পাহাড় বন ডিঙিয়ে রাস্তা করতে হবে। সেটিতে কার কী লাভ হয়েছে আমি তো বুঝতে পারছি না।” ট্রানজিটে নেপাল ও ভুটানকে সম্পৃক্ত করা দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “তাদের এতে সম্পৃক্ত করা গেলে সবগুলো দেশই অর্থনৈতিক সমৃদ্ধ হবে। তারা আসবে।” তবে মিয়ানমার কিছুটা অসম্মত জানিয়ে মুহিত বলেন, “তাই আপাতত তাদের সঙ্গে এটা হচ্ছে না।” সভায় আরো বক্তব্য দেন এসোসিয়েশন সভাপতি ড. এ কে আব্দুল মুবিন, ড. ফরাশউদ্দিন, জামিলুর রেজা চৌধুরী, রাশেদা কে চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ। জালালাবাদ এসোসিয়েশন কার্যক্রম শুরু করে ১৯৪৮ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৯৪১ ঘ.