ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ ও বিদ্যুৎ খাতে অবকাঠামো দুর্বলতার কথা স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদ্যুৎ খাতে পিপিপির মাধ্যমে তা কিছুটা কাটিয়ে ওঠা গেলেও যোগাযোগ খাতে তা হচ্ছে না।
শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব বিপণন সম্মেলনের দ্বিতীয় দিন এক আলোচনায় তিনি একথা বলেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করেন।
মুহিত বলেন, “বিদ্যুৎ খাতে কিছু পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের মাধ্যমে কাজ করা সম্ভব হলেও যোগাযোগ খাতে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।”
দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমলাতন্ত্রকে অন্তরায় হিসেবে তুলে ধরেন তিনি। সরকার এ সমস্যাগুলো দূর করার লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, সরকার আগামী তিন থেকে চার বছরের মধ্যে বিনিয়োগ মোট জিডিপির ৩২ শতাংশে উন্নীত করতে চায়। তবে এজন্য সরাসরি বৈদেশিক বিনিয়োগ আরো বাড়াতে বলে বলেও স্বীকার করেন তিনি।
ট্রানজিটের সম্ভাবনা তুলে ধরে মুহিত বলেন, “বাংলাদেশ দুটি বৃহত্তর অর্থনৈতিক শক্তিধর দেশ ভারত ও চীনের মধ্যবর্তী স্থানে অবস্থান করায় সরকার বাংলাদেশকে একটি ট্রানজিট দেশে রূপান্তরের পরিকল্পনা ধরে এগোচ্ছে।
“কিন্তু এ জন্য আমাদের যোগাযোগ খাতে বিনিয়োগ বাড়াতে হবে এবং প্রয়োজন এফডিআই (সরাসরি বিদেশি বিনিয়োগ),” বলেন তিনি।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার রহমান বলেন, বর্তমানে দেশে এক হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। এ বছর ১ হাজার ২০০ কোটি ডলার রেমিটেন্স আশা করছি।
তবে মূল্যস্ফীতি যে কিছুটা হলেও অর্থনীতিতে অস্বস্তি সৃষ্টি করছে, তা স্বীকার করেন তিনি।
প্রায় এক বছর ধরে মূল্যস্ফীতি দুই অঙ্কের কোঠায় থাকলেও অর্থমন্ত্রী বৃহস্পতিবারই সংসদে বলেছেন, মূল্যস্ফীতি উদ্বেগজনক পর্যায়ে নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচএ/এমআই/২৩২০ ঘ.
bdnews24