২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিট্যান্স ২৪ দিনে ৯৫ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত মাসের ২৪ দিনে প্রায় ৯৫ কোটি ডলারের রেমিট্যান্স দেশে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 06:44 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত মাসের ২৪ দিনে প্রায় ৯৫ কোটি ডলারের রেমিট্যান্স দেশে আসে। রেমিট্যান্স বাড়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে অতীতের সব রেকর্ড ভেঙে ১২২ কোটি ১৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। যা ছিল এক মাসে সবচেয়ে বেশি। বৃহস্পতিবার পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের ২৪ দিনে অর্থ্যাৎ ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৯৪ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আর বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ১০ দশমিক ০৬ বিলিয়ন ডলার। জানুয়ারি মাসের রেমিট্যান্স যোগ হয়ে রিজার্ভ দাঁড়িয়েছে ৯৪২ কোটি ২৪ লাখ ডলার। সপ্তাহ দুয়েক আগেও তা ৯০০ কোটি ডলারের নিচে ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৭২৮ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬৫২ কোটি ১০ লাখ ডলার। শতকরা হিসেবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৭ শতাংশ। তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১০১ কোটি ৫৫ লাখ ডলার রেমিটেন্স দেশে আসে। অগাস্ট মাসে আসে ১১০ কোটি ১৭ লাখ ডলার। সেপ্টেম্বরে আসে ৮৫ কোটি ৫৪ লাখ ডলার। অক্টোবর ও নভেম্বরে এসেছে যথাক্রমে ১০৩ কোটি ৯৪ লাখ ও ৯০ কোটি ৮১ লাখ ডলার। সাধারণত দুই ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ বেড়ে থাকে। কিন্তু সে ধরনের কোনো উৎসব না থাকার পরও ডিসেম্বরে থেকে বেশি রেমিটেন্স আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/০০৪২ ঘ.