চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্ক ব্যবস্থায় বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বৃহস্পতিবার।
আলোচনার মাধ্যমে শুল্ক বিষয়ক বিরোধ নিরসন করে রাজস্ব আদায়ের এ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, চট্টগ্রাম কাস্টম হাউস সবচেয়ে বড় শুল্ক স্টেশন। এ কারণে চট্টগ্রাম থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রাজস্ব বোর্ডের অন্য বিভাগেও পর্যায়ক্রমে এ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
তিনি বলেন, এনবিআর’র তিনটি বিভাগে বর্তমানে প্রায় ২১ হাজার মামলা আছে। এর বিপরীতে সরকারের রাজস্ব আটকে আছে প্রায় ১২ হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ের দ্রুত আদায়ে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এতে দুই পক্ষই লাভবান হবে বলে মন্তব্য করেন তিনি।
নাসির উদ্দিন বলেন, এ প্রক্রিয়ায় চলতি বছরের জুনের মধ্যে প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব আদায় হতে পারে। আগামী অর্থবছরে এই হার কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।
বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থায় কোনো আমদানিকারক আবেদনের পর সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে নতুন বিরোধ নিস্পত্তি করতে হবে। মামলায় আটকে থাকা বিরোধ নিষ্পত্তির সময়সীমা হবে ৬০ দিন। এর জন্য ১২ জন সহায়তাকারী নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস কমিশনার ড. মারুফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান ও তপন চৌধুরী, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, ঢাকা মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি আনিসউদ্দৌলা, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম তালুকদার, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এম মাহবুব চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১২০ ঘ.
bdnews24