ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো কোনো ব্যাংক স্থায়ী ও মেয়াদী আমানতের ওপর ঘোষিত সুদ হারের চেয়ে বেশি হারে সুদ দিচ্ছে উল্লেখ করে এক কোটি টাকা বা তার চেয়ে বেশি আমানতের তালিকা চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একই সঙ্গে আমানত ও ঋণের সুদ বা মুনাফার হার এখন থেকে মাসে শুধু একবারই বদলানো যাবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
বুধবার স্থায়ী অথবা মেয়াদী আমানতের ওপর সুদের হার সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
সার্কুলারে বলা হয়, ২০১১ সালের ৪ জানুয়ারি এক সার্কুলারে ব্যাংকগুলোকে আমানত ও ঋণের ওপর তাদের ঘোষিত সুদের বাইরে বেশি হারে সুদ আরোপ না করতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো কোনো ব্যাংক স্থায়ী ও মেয়াদী আমানতের ওপর ঘোষিত সুদের হারের চেয়ে বেশি হারে সুদ দিচ্ছে।
ঘোষিত হারের বেশি হারে সুদ দেওয়া থেকে ব্যাংকগুলোকে বিরত রাখতে ব্যাংকগুলোতে গচ্ছিত এক কোটি বা তার বেশি অংকের স্থায়ী ও মেয়াদী আমানতের তালিকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসের মধ্যে এর আগের সপ্তাহের তালিকা বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং, প্রবিধি ও নীতি বিভাগে পাঠাতে হবে। আর এই তালিকায় ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক অথবা প্রধান নির্বাহীর স্বাক্ষর থাকতে হবে।
এই তালিকার ছকে হিসাব নম্বর, আমানতের পরিমাণ, মেয়াদ, ঘোষিত সুদ বা মুনাফার হার এবং প্রদেয় সুদ বা মুনাফার হার থাকতে হবে।
সার্কুলারে আরও বলা হয়, ২০০৯ সালের ১৯ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে আমানত ও ঋণের সুদ হার মাসে একবারের স্থলে একাধিকবার পরিবর্তন করা যাবে বলে নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন নির্দেশনায় এখন আবার মাসে একবারই সুদের হার বদলানো যাবে।
সার্কুলারটি বুধবারই সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
নব্বই দশকে ব্যাংক সংস্কার কর্মসূচির আওতায় ব্যাংকগুলো নিজেরাই তাদের আমানত ও ঋণের সুদ হার নির্ধারণ করতে পারবে বলে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা জারি করেছিল।
কিছু কিছু ব্যাংক তারল্য সংকটের কারণে অনেক বেশি সুদ দিয়ে আমানত সংগ্রহ করছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে বারবার তাগাদা দেওয়ার পরও তারা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানেনি।
মাস খানেক আগে কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে নির্দেশ দিয়েছিল, আমানত ও ব্যাংক ঋণের সুদের হারের মধ্যে ব্যবধান (¯েপ্রড) কোনো অবস্থাতেই ৫ শতাংশের বেশি হতে পারবে না।
এ অবস্থায় ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ সপ্তাহ দুয়েক আগে বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে, মেয়াদী আমানতের সুদ হার ১২ দশমিক ৫ শতাংশের বেশি দেবে না তারা। আর চলতি মূলধনের ঋণের সুদ হার হবে ১৫ দশমিক ৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৭১৬ ঘ.
bdnews24