আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ কেনার সমঝোতা স্মারক সইয়ের দুই বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে নয়া দিল্লিতে একটি চুক্তি হয়েছে।
ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে মঙ্গলবার এ চুক্তি হয় বলে নয়া দিল্লি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান বাংলাদেশের বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ।
তিনি বলেন, “প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় চার টাকা।”
“আগামী বছরের জুনের মধ্যে এ বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করছি।”
বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) মো. আবুল কাশেম এবং ভারতের পক্ষে এনভিভিএনের (এনটিপিসি বিদ্যুৎ ভায়াপার নিগম লিমিটেড) একজন পরিচালক চুক্তিতে সই করেন।
এ বিদ্যুৎ আমদানির জন্য ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণের কাজ চলছে বলে জানান বিদ্যুৎ সচিব।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বিদ্যুৎ খাতে সহযোগিতার জন্য উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক হয়। ওই সময় প্রধানমন্ত্রী ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির আগ্রহ প্রকাশ করেন।
পরে ভারতের পক্ষ থেকে জানানো হয়, সরকারি খাত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়া হবে। সে অনুযায়ীই মঙ্গলবার এ চুক্তি হয়।
আজাদ বলেন, “আগামী মাসে ঢাকায় চুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হবে।”
ভারত থেকে বাংলাদেশ আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার প্রস্তাব দিয়েছে জানিয়ে সচিব বলেন, ভারত সরকারের গুরুত্ব দিয়ে তা বিবেচনা করছে।
মঙ্গলবার চুক্তি স্বাক্ষরের আগে নয়া দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠকে বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ এবং ভারতের বিদ্যুৎ সচিব পি উমা শঙ্কর নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।
বিদ্যুৎ সচিব বলেন, “গত ২৯ জানুয়ারি বাগেরহাটের রামপালে সুন্দরবনের কাছে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি করেছে সরকার।”
“এ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।”
এছাড়া বিদ্যুৎ খাতের উন্নয়নে যৌথ মূলধনী কোম্পানি গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২২৪৮ ঘ.
bdnews24