২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি নিয়ে মার্চে মুহিতের বিবৃতি

আগামী ৫ অথবা ৭ মার্চ সংসদে বিবৃতি দেবেন অর্থমন্ত্রী। এতে দেশের সার্বিক অর্থনীতির চিত্র প্রতিফলিত হবে বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 06:54 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মার্চের প্রথম সপ্তাহে সংসদে বিবৃতি দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, “আগামী মার্চ মাসের ৫ অথবা ৭ তারিখে আমি জাতীয় সংসদে চলতি ২১১১-১২ অর্থবছরের ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) অর্থনৈতিক অবস্থার ওপর একটি বিবৃতি দেব। তাতে দেশের সার্বিক অর্থনীতির চিত্র প্রতিফলিত হবে।” দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ভালো নয় বলে বিরোধী দল বলে আসছে। মূল্যস্ফীতি দুই অঙ্কের কোঠায় এবং বিনিয়োগ সন্তোষজনক না হলেও সার্বিক অর্থনীতি সঙ্কটে নয় বলে দাবি করে আসছে সরকার। মুহিত জানান, ৩১ মার্চ দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি জাতীয় সংলাপ হবে, যা আয়োজন করছে আওয়ামী লীগ। ওই সংলাপে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস, সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি ছাড়াও দেশের অর্থনীতিবিদরা মতামত তুলে ধরবেন বলে তিনি জানান। নতুন সভাপতি খাজা মাঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছির নেতৃত্বে ইআরএফে কার্যনির্বাহী কমিটির সদস্যরা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন সহকারী সাধারণ সম্পাদক শাকিলা জেসমিন, সাবেক সভাপতি মনোয়ার হোসেন, জাহিদুজ্জামান ফারুক, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি শাহনেওয়াজ করিম, নিউজ টুডের নগর সম্পাদক বদিউল আলম। ইআরএফ নেতারা তাদের একটি স্থায়ী কার্যালয়ের জন্য সহযোহিতা চাইলে তা ইতিবাচক দৃষ্টিতে দেখবেন বলে আশ্বাস দেন অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১২৫০ ঘ.