ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বইমেলায় ‘পাইরেটেড বইয়ের’ বিরুদ্ধে অভিযান চালিয়ে শতাধিক বই জব্দ করেছে বাংলা একাডেমী কর্তৃপক্ষ।
শনিবার বইমেলার পঞ্চবিংশতম দিন বিকালে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান হয়। এ সময় তার সঙ্গে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও একাডেমীর উপ-পরিচালক শাহিদা খাতুন, কপিরাইট কার্যালয়ের নিবন্ধক মঞ্জুর রহমান, টাস্কফোর্সের সচিব আলতাফ হোসেন, মেলা পরিচালনা পর্যদের সদস্য সুভাষ সিংহ রায়, শাহাদৎ হোসেন ও ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।
তবে মেলা শেষ হওয়ার মাত্র চার দিন আগে এ অভিযান শুরু হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন অনেক প্রকাশক।
বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের উপ-পরিচালক মুর্শিদ উদ্দিন আহম্মদ বলেন, পাইরেটেড বইবিরোধী অভিযান এবং এ ক্ষেত্রে প্রকাশকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে রোববার বিকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অভিযানের পর শামসুজ্জামান খান সাংবাদিকদের বলেন, “অভিযানে মেলার যে সব দোকানে পাইরেটেড বই পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশকরা জানান, অভিযানে মেলায় নয়টি প্রকাশনা সংস্থার স্টল থেকে ডোরেমন, পোকেমন ও ভারতীয় লেখকদের অননুমোদিত বইসহ প্রায় শতাধিক বই জব্দ করা হয়।
অভিযান বিষয়ে কপিরাইট কার্যালয়ের নিবন্ধক মঞ্জুর রহমান বলেন, “আজ যাদের ধরা হয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা একাডেমীর বাইরের দোকানগুলোতেও অভিযান চালাব।”
অভিযানে র্যাব ও পুলিশ সদস্যদের সম্পৃক্ত না করার ব্যাপারে তিনি বলেন, “আমরা যেটা নীলক্ষেতে করতে পারি সেটা মেলায় করতে পারি না। দুই থেকে তিনটি দোকান হয়তো বন্ধ হবে। কিন্তু এতে সামগ্রিকভাবে মেলার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। একারণে আমাদের সতর্কভাবে কাজ করতে হবে।”
এ বিষয়ে মহাপরিচালক বলেন, অভিযানের জন্য মেলার মধ্যে র্যাব কিংবা পুলিশ বাহিনীকে ব্যবহার করা হলে মেলার সৌন্দর্য ও ভাবমূর্তি নষ্ট হতে পারে।
মেলার আয়োজন নিয়ে শামসুজ্জামান খান বলেন, “এবছর মেলা আয়োজনে একাডেমীর যে সব ভুল হয়েছে আগামীবার সেসবের পুনরাবৃত্তি হবে না।”
অভিযান নিয়ে প্রতিক্রিয়া
টাস্ক ফোর্সের অভিযানের বিষয়ে প্রকাশনা সংস্থা শ্রাবণের কর্ণধার রবিন আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো ব্যাপারটাই একটা নাটক। পুরো মেলাটা ধ্বংস করে শেষ মুহূর্তে এটা পুরোটাই লোক দেখানো। সমস্যাটা এক দিনের ছিল না।”
এ বিষয়ে অ্যাডর্ন পাবলিকেশন্সের প্রকাশক ও প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন বলেন, “আসলে প্রথম থেকেই এটি পাইরেটেড বইয়েরই মেলা ছিল। এ অভিযান আরো আগেই করা উচিৎ ছিল। কিন্তু শেষ পর্যন্ত যে করা হয়েছে এজন্য সাধুবাদ জানাই।”
অন্বেষা প্রকাশনের প্রকাশক মোহাম্মদ শাহাদৎ হোসেন বলেন, “এটি মূলত এ মেলার জন্য নয়, যারা পাইরেট বই ছাপান তাদের জন্য আগামীতে এটি একটি অশনি সংকেত। আগামীবার কোনভাবেই বরদাস্ত করা হবে না।”
মেলার মূল মঞ্চের আয়োজন
অমর একুশে গ্রন্থমেলার ২৫তম দিন শনিবার বিকালে বইমেলার মূলমঞ্চে ‘বাংলার মনীষা: মোহাম্মদ কিবরিয়া’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন নজরুল ইসলাম।
কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাইয়ের সভাপতিত্বে হাশেম খান, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মিজারুল কায়েস ও শরীফ আতিক-উজ-জামান প্রবন্ধের ওপর আলোচনা করেন।
প্রবন্ধে বলা হয়, “মোহাম্মদ কিবরিয়া বাংলাদেশের চিত্রকলা-ভুবনে নবতর মাত্রার সংযোজক। দেশভাগের পর ঢাকাকে কেন্দ্র করে যে আধুনিক চিত্রকলা আন্দোলন গড়ে ওঠে কিবরিয়া ছিলেন তার অন্যতম অনুঘটক। পশ্চিমি দুনিয়ায় চিত্রকলার উচ্চতর পাঠ নিলেও তাঁর নাড়ি পোঁতা ছিল স্বদেশের মর্ম মূলে।”
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্ভাস নৃত্যকলা একাডেমী নৃত্য পরিবেশন করে। তারপর নাটক ‘সেইসব দিনগুলো’ মঞ্চস্থ করে নাগরিক নাট্যাঙ্গন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/এএইচ/পিডি/২৩৩৮ ঘ.
bdnews24