২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাই ব্যবসায়ীদের পিপিপিতে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশের অবকাঠামো খাতে পিপিপির আওতায় বিনিয়োগের জন্যে থাইল্যান্ডের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 02:48 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের অবকাঠামো খাতে পিপিপির আওতায় বিনিয়োগের জন্যে থাইল্যান্ডের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। শনিবার সকালে দুই দেশের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সরকারের বিশেষ ছাড় ও ভর্তুকিসহ নানাসুবিধা রয়েছে। বিশেষ করে পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) আওতায় অবকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারেন।” ঢাকা চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ড্রাস্ট্রিজ মিলনায়তনে ‘বাংলাদেশ এন্ড থাইল্যান্ড- পোটেনশিয়াল বিজনেজ পার্টনারস’ শিরোনামের এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিশ্বের মন্দা পরিস্থিতির কারণে এখন চীনেও উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ফলে বিনিয়োগকারীরা নতুন বাজারের সন্ধান করছে। এর সুযোগ নিয়ে এসব বিনিয়োগে নিজেদের দেশে নিয়ে আসার জন্যে তিনি ব্যবসায়ীদের পরামর্শ দেন। ঢাকা চেম্বার্স এন্ড কমার্স ইন্ড্রাস্ট্রিজ সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, “থাইল্যান্ড ও বাংলাদেশের সংস্কৃতি ও জীবনাচার অনেকটাই কাছাকাছি। ফলে এই দুই দেশের মানুষের মধ্যে কার্যকর ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা সহজ। এই সম্পর্কে দুই দেশের ব্যবসায়ীরাই উপকৃত হতে পারেন।” তবে দুই দেশের বর্তমান বাণিজ্যে অসাম্য অনেক বেশি জানিয়ে ইব্রাহিম বলেন, এটি কমিয়ে আনতে হবে। বিজনেস ফোরামের এই সভায় দুই দেশের ব্যবসায়ীরা পারস্পরিক যোগাযোগ ও ব্যবসা সম্পর্কিত বিষয়ে মত বিনিময় করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের উপ স্থায়ী সচিব পিরামল চ্যারোনপাও, বাংলাদেশ থাইল্যান্ড চেম্বার্স এন্ড কমার্স ইন্ড্রাস্ট্রিজের সভাপতি এম এ মোমেন, থাই বাংলাদেশ বিজনেস কাউন্সিল সভাপতি মিংপুন চায়াভিজিটস্লিপ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২০৪৮ ঘ.