চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী বক্তব্যে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, এই ধরনের উদ্যোগ রপ্তানি বাড়ার ক্ষেত্রে বড় অবদান রাখছে।
শুক্রবার বিকালে নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “বর্তমান অর্থবছরের জানুয়ারি পর্যন্ত ১৪ বিলিয়ন (১৪০০ কোটি) ডলার রপ্তানি করেছে বাংলাদেশ। এই অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ২৬ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৩ বিলিয়র ডলার বেশি।”
রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও তা কেটে যাচ্ছে বলে জানান তিনি।
চট্টগ্রামে বাণিজ্য মেলার জন্য স্থায়ী জায়গা নির্ধারণের উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন বাণিজ্যমন্ত্রী।
২০তম মাসব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বারের সভাপতি মোরশেদ মোরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী নেতা ও সংসদ সদস্য এম এ লতিফ, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ।
এম এ লতিফ বলেন, চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ে তোলা হচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে অবদান রাখতে সক্ষম হবে।
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, বাংলাদেশের ৬৪টি চেম্বারের মধ্যে চট্টগ্রাম চেম্বার সবচেয়ে ধনী। এই চেম্বার যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তৈরি করতে যাচ্ছে, তা কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র জ্যেষ্ঠ সহসভাপতি জসিম উদ্দিন, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম প্রমুখ।
চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি ও মেলা কমিটির চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এবারের বাণিজ্য মেলা ৪ লাখ বর্গফুটের সুবিশাল পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। বড়-ছোট প্যাভিলিয়ন-স্টল মিলিয়ে সাড়ে তিনশ’র বেশি প্রতিষ্ঠান এবার মেলায় অংশ নিচ্ছে।
মেলার আয়োজকেরা জানান, এবারের মেলায় পার্টনার দেশ হিসেবে থাকছে থাইল্যান্ড। নবমবারের মতো পার্টনার হিসেবে সাড়ে ৪ হাজার বর্গফুট এলাকা নিয়ে দেশটি তাদের পণ্যসম্ভার মেলায় রাখবে।
এছাড়া মেলায় প্রথমবারের মতো ভারত ৪ হাজার বর্গফুট এবং পাকিস্তান ৩ হাজার ৬০০ বর্গফুট জায়গা নিয়ে তাদের পণ্য রাখবে।
এনসিসি ব্যাংকের একটি অস্থায়ী শাখা মেলায় খোলা হয়েছে। সিটিসেল একটি টেলিফোন বুথ স্থাপন করেছে। মেলার নিরাপত্তার জন্য র্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্পও বসেছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এর টিকিটের দাম ১০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১০ ঘ.
bdnews24