২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি: ১৩ সুপারিশের ‘অপূর্ণাঙ্গ’ প্রতিবেদন

প্রায় তিন মাস তদন্তের পর ১৩টি সুপারিশসহ ‘অপূর্ণাঙ্গ’ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে অবৈধ ভিওআইপি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদন ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় তিন মাস তদন্তের পর ১৩টি সুপারিশসহ ‘অপূর্ণাঙ্গ’ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে অবৈধ ভিওআইপি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি। কমিটির আহ্বায়ক বিটিআরসি কমিশনার এটিএম মনিরুল আলম বুধবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। কমিটি বলেছে, তদন্তের সময় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স লিমিটেড (বিটিসিএল) ও টেলিটক যে তথ্য দিয়েছে তা অপ্রতুল এবং সার্বিক সহযোগিতার অভাব ছিল। নিয়মিত কাজের মধ্যেই কমিটির সদস্যরা তদন্ত করেন উল্লেখ করে মনিরুল বলেন, “এ বিষয়ে মন্ত্রণালয়ের চাপ ছিল, তাই দ্রুততার সঙ্গে কাজ করে এ প্রতিবেদন দেওয়া হয়েছে।” তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। কমিটিতে বিশেষজ্ঞ প্রকৌশলী যুক্ত করার কথা বললেও মন্ত্রণালয়ের অনাপত্তি ও লোকবলের অভাব নিয়েই তদন্ত প্রতিবেদন করা হয়েছে উল্লেখ করা হয়। গত ১ ডিসেম্বর গঠিত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়। কিন্তু প্রতিবেদন জমা দিতে কমিটি কয়েক দফা সময় বৃদ্ধির আবেদন করে মন্ত্রণালয়ে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- বিটিআরসির স্পেক্ট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক (তার) হুসনুল মাহমুদ খান, উপ-সচিব মাহবুব উল-আলম, বিটিআরসি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন ও বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জিয়ান শাহ কবির। ‘অভিযোগ প্রমাণ অনেক কষ্টসাধ্য’ কমিটিপ্রধান মনিরুল বলেন, “বর্তমানে টেলিযোগাযোগ খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।” “অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কল লিস্ট মুছে ফেলা হচ্ছে বা অবৈধ কলের জন্য নানা ধরনের আধুনিক সফটওয়ার ব্যবহার করা হচ্ছে” মন্তব্য করে তিনি বলেন, “তাই অভিযোগ প্রমাণ করা অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।” বেসরকারি মোবাইল অপারেটরগুলোতে তদন্ত করা হয়েছে কি না জানতে চাইলে মনিরুল বলেন, “অন্যান্য কাজের চাপে সব প্রতিষ্ঠানে তদন্ত কাজ শুরু করা যায়নি।” ভবিষ্যতে আরো বড় মাপের তদন্ত দল নিয়ে এবং সময় নিয়ে এ ধরনের তদন্ত করা উচিৎ বলে মন্তব্য করেন তিনি। ‘তথ্য বা সহযোগিতা পাওয়া যায়নি’ প্রতিবেদনে বলা হয়, দু’জন দক্ষ প্রকৌশলীকে কমিটিতে যুক্ত করতে মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হলেও মনোনয়ন পাওয়া যায়নি। “বিশেষজ্ঞ সহায়তা না পাওয়ায় সংগৃহীত তথ্য বিশদ পর্যালোচনা এবং তথ্য বিশ্লেষণ কার্যক্রম দারুণভাবে ব্যাহত হয়েছে। তবে কমিটি সরকারি প্রজ্ঞাপনের কার্যপরিধির আলোকে সার্বিক বিষয়ে অনুসন্ধান এবং সুপারিশ প্রণয়নের প্রচেষ্টা অব্যাহত রাখে।” বিশেষজ্ঞ লোকবল এবং সময়ের অভাবে সুষ্পষ্ট কোনো মতামত দেওয়া সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন তথ্য চেয়ে বিটিসিএল ও টেলিটককে চিঠি দেওয়া হলেও চাহিদা মতো প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি। “আইজিডব্লিউ ও আইসিএক্স হিসেবে ব্যবহৃত সুইচ/গেটওয়ে স্থাপনের সঙ্গে বিলিং প্লাটফরম না থাকায় সঠিকভাবে কলের পরিমাণ ও বিল বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে না।” কলের পরিমাণ নিয়ে বিভিন্ন অপারেটর এবং বিটিসিএল থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে গত ১ ডিসেম্বর গঠিত এ কমিটি। প্রতিবেদনে বলা হয়, “বিটিসিএলের সব গেটওয়ে/সুইচ বিটিআরসিতে স্থাপিত সিডিআর অ্যানালাইজার সিস্টেমে অন্তর্ভুক্ত করা আবশ্যক। রুট লিস্ট এবং বিলিংয়ের তথ্য না থাকায় একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়নি।” কলের পরিমাণ নিয়ে বিটিসিএল এবং অপারেটরদের মধ্যে বিরোধ আছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, “বিভিন্ন অপারেটরের সঙ্গে বিরোধ এখনো সমাধান হয়নি। ২০০৮ সাল থেকে এ ধরনের আপত্তি কার্যকরভাবে সুরাহা করা হয়নি।” কলের পরিমাণ নিয়ে অপারেটরদের দাবি বিষয়ে বিটিসিএল কখনো কোনো প্রশ্ন উত্থাপন করেনি বলে মন্তব্য করা হয় প্রতিবেদনে। এতে বলা হয়, “বিলিং প্ল্যাটফরম না থাকায় এক্ষেত্রেও বিরোধ নিরসনের জটিলতা থেকেই যাচ্ছে। এতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ থেকে যায়।” করণীয় প্রস্তাবনা অবৈধ পন্থায় আন্তর্জাতিক কল আদান-প্রদান বন্ধ করার উদ্দেশ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি), আইন প্রয়োগকারী সংস্থা ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি টাস্কফোর্স গঠন ১৩টি সুপারিশ করেছে কমিটি। এছাড়া নিয়মিত সরেজমিনে পরিদর্শন কার্যক্রম পরিচালনাসহ লাইসেন্সধারীদের লাইসেন্সের সব শর্ত পালনে বাধ্য করা সুপারিশও রয়েছে। বিটিসিএলে বিলিং প্ল্যাটফরম অতিসত্ত্বর চালু করে ন্যূনতম এক বছরের কলের পরিমাণ সংরক্ষণের ব্যবস্থা রাখা; ইন্টারন্যাশনাল ট্রাঙ্ক এক্সচেঞ্জগুলোর (আইটিএক্স) অব্যবহৃত রুট প্রতিনিয়ত মুছে ফেলাসহ নতুন সংযোগকৃত ক্যারিয়ারের রুট প্রতিনিয়ত হালনাগাদের মাধ্যমে রুটিং টেবল ও চার্জিং ম্যাট্রিক্স প্রতিনিয়ত হালনাগাদের রাখার ব্যবস্থা নিশ্চিত করা। বিটিআরসিতে স্থাপিত কল ভল্যুম অ্যানালাইজারের সঙ্গে বিটিসিএলের আইজিডব্লিউ ও আইসিএক্স সংযোগ স্থাপন করে নিয়মিত কলের পরিমাণ পাঠানোর সুপারিশ রয়েছে প্রতিবেদনে। বিটিসিএলের মাধ্যমে আসা আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ কমে যাওয়ার কারণ, অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনের ক্ষেত্রে কোনো ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ)/ ইনটারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স)/ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) সংশ্লিষ্টতা আছে কি না তা নির্ণয় ও থাকলে তার দায়-দায়িত্ব নির্ধারণ এবং অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) শনাক্ত ও রোধে করণীয় প্রস্তাব করার কথা এ কমিটির। বিটিআরসি সূত্র জানায়, বৈধ আন্তজার্তিক কলের পরিমাণ গড়ে প্রতিদিন প্রায় ৪ কোটি মিনিট। কিন্তু এ কলের পরিমাণ পূর্বে ছিল গড়ে ৫ কোটি মিনিটের বেশি ছিল। বর্তমানে বৈধভাবে প্রতি মিনিট আন্তজার্তিক কলে তিন মার্কিন সেন্ট দেশে আসে। অবৈধ ভিওআইপি’র জন্য সরকারের প্রতিদিন কয়েক কোটি টাকার ক্ষতি হয়। বাংলাদেশে বর্তমানে ভিওআইপি লাইসেন্স নেই। আগামী এপ্রিল মাসে বিটিআরসি’র এ ধরনের লাইসেন্স প্রদানের কাজ শুরু করার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২১৩৪ ঘ.