২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সফটওয়্যার মেলা শুরু

বাংলাদেশের সফটওয়্যার শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপো-২০১২ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 08:12 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের সফটওয়্যার শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপো-২০১২ শুরু হয়েছে। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, “কারওয়ান বাজারের জনতা টাওয়ারের শিগগিরই সফটওয়্যার টেকনোলজি পার্ক চালু হবে।” ভালো কর্মসংস্থানের জন্য সেবার মান উন্নয়নের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “সেবা খাতে বেশ প্রবৃদ্ধি হয় তবে অনেক ক্ষেত্রেই সেবা খাত তেমন উন্নত নয়। আর উন্নত সেবা খাতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তথ্যপ্রযুক্তি।” সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ ধরনের মেলা বেশ সহায়ক উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব মো. রফিকুল ইসলাম বলেন, “সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি। আমাদের ভবিষ্যৎ তরুন প্রজন্ম এ খাতকে এগিয়ে নিয়ে যাবে।” অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মাহবুব জামান বলেন, “খুব শিগগিরই পেপ্যাল আমাদের দেশে কাজ শুরু করবে বলে পেপ্যাল কতৃপক্ষ আশ্বস্থ করেছে। এছাড়া গ্লোবাল আইটি আউটসোর্সিংয়ে আমরা ইতিমধ্যে বিশেষ জায়গায় আছি।” এবারের সফটএক্সপোতে দেশি-বিদেশি প্রায় ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রয়েছে ৮০টির বেশি সেমিনার, টেকনিক্যাল সেশন, ওপেন সেশন ও বিজনেস ম্যাচমেকিং প্রেজেন্টেশন। প্রদর্শনীস্থল বিজনেস সফটওয়্যার, আউটসোর্সিং, মোবাইল অ্যাপ্লিকেশন, ক্লাউড এন্ড কমিউনিকেশন, আইটি এনাবেলড সার্ভিস, আইটি এডুকেশন ও ই-কমার্স জোন- এই ৭টি অংশে ভাগ করা হয়েছে। প্রদর্শনীতে তরুণদের জন্য প্রতিযোগিতা ‘‘আবিস্কারের খোঁজে”, প্রোগ্রামারদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড ওয়ারিয়রস চ্যালেঞ্জ’ এবং চাকরির মেলারও থাকছে। মেলায় ঢোকার টিকেটের দাম ৫০ টাকা। তবে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা টিকেটে ঢুকতে পারবে। ২৬ ফেব্র“য়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা চলবে এ মেলা। ২০০৩ সাল থেকে সফটএক্সপো আয়োজন করে আসছে বেসিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৪২৯ ঘ.