ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের সফটওয়্যার শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপো-২০১২ শুরু হচ্ছে বুধবার।
আয়োজক বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) শনিবার এক সংবাদ সম্মেলনে জানায়, ১৪০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৬ ফেব্র“য়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা চলবে এ মেলা।
সংবাদ সম্মেলনে বেসিস সফটএক্সপো-২০১২ এর আহ্বায়ক তামজিদ সিদ্দিক বলেন, “এবারের সফটএক্সপোতে দেশি-বিদেশি প্রায় ১৪০টি প্রতিষ্ঠান অংশ নেবে, থাকবে ৮০টির বেশি সেমিনার, টেকনিক্যাল সেশন, ওপেন সেশন ও বিজনেস ম্যাচমেকিং প্রেজেন্টেশন।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীস্থল বিজনেস সফটওয়্যার, আউটসোর্সিং, মোবাইল অ্যাপ্লিকেশন, ক্লাউড এন্ড কমিউনিকেশন, আইটি এনাবেলড সার্ভিস, আইটি এডুকেশন ও ই-কমার্স জোন- এই ৭টি অংশে ভাগ করা হয়েছে।
প্রদর্শনীতে তরুণদের জন্য প্রতিযোগিতা ‘‘আবিস্কারের খোঁজে”, প্রোগ্রামারদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড ওয়ারিয়রস চ্যালেঞ্জ’ এবং চাকরির মেলারও আয়োজন করা হয়েছে।
মেলায় ঢোকার টিকেটের দাম ৫০ টাকা। তবে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা টিকেটে ঢুকতে পারবে।
২০০৩ সাল থেকে সফটএক্সপো আয়োজন করে আসছে বেসিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭৫৮ ঘ.
bdnews24