ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইসেন্স নবায়ন ও স্পেক্ট্রাম বরাদ্দ ফির ভ্যাট বাবদ কর্তিত অংশ এবং অন্যান্য ফি পরিশোধে বিটিআরসি’র দেওয়া চিঠির ব্যাখা চাইবে গ্রামীণফোন।
বুধবার তারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চিঠি পেয়েছে উল্লেখ করে গ্রামীণফোনের কর্পোরেট কমিউনিকেশন্স বিভাগ বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে।
এতে বলা হয়, “বিটিআরসি’র চিঠির ফলে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।”
“গ্রামীণফোন রায়ের সার্টিফায়েড কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা ঠিক করবে এবং বক্তব্য দেবে।”
এছাড়াও চিঠিগুলোর বিষয়ে ব্যাখ্যা দিতে বিটিআরসিকে গ্রামীণফোন অনুরোধ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত অক্টোবরে স্পেক্ট্রাম ফি বাবদ গ্রামীণফোনের কাছে ৩৮৪ কোটি টাকা দাবি করে বিটিআরসি যার মধ্যে ২৩৬ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে অভিযোগ নিয়ে আদালতে যায় গ্রামীণফোন। হাই কোর্ট সোমবার এক রায়ে এ দাবির বৈধতা দেওয়ার পাশাপাশি উৎসে কর না কেটে ফি জমা দিতে বিটিআরসির দেওয়া নির্দেশনাকেও বৈধতা দেয়।
২০১১ সালের নভেম্বরে ১৫ শতাংশ উৎসে কর কেটে রেখে লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম ফি’র প্রথম কিস্তি জমা দেয় চার অপারেটর। এছাড়া ২০১০ সাল থেকে চার অপারেটর বার্ষিক লাইসেন্স নবায়ন, রাজস্ব ভাগাভাগি ও স্পেকটার্ম চার্জও ১৫ শতাংশ কেটে জমা দেয়।
এ দুই হিসাবে ৮৫৭ কোটি ৪৮ লাখ টাকা পরিশোধের চার অপারেটরকে বুধবার চিঠি দেয় বিটিআরসি। এর মধ্যে গ্রামীণফোনের কাছে পাওনা ৩৯৬ কোটি ২১ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/০০০৩ ঘ.
bdnews24