২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মা সেতু কীভাবে হবে সময় হলে জানা যাবে’

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পদ্মা সেতু প্রকল্প কীভাবে বাস্তবায়ন করা হবে ‘যথাসময়ে’ তা প্রকাশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পদ্মা সেতু প্রকল্প কীভাবে বাস্তবায়ন করা হবে ‘যথাসময়ে’ তা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সেতু নির্মাণে বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে যে ঋণ চুক্তি হয়েছিলো তা বাতিল হচ্ছে কি না জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, “নো কমেন্ট।” অবশ্য পরে তিনি বলেন, “সরকার যথাসময়ে এ বিষয়ে সব কিছু প্রকাশ করবে।” পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়া আগ্রহ প্রকাশ করার পর দুর্নীতির অভিযোগে অর্থায়ন স্থগিত করা বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল হবে কি না তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। এ অবস্থায় বুধবার যোগাযোগমন্ত্রী জানান কার আর্থিক সহযোগিতায় এ সেতু নির্মাণ হবে সে বিসয়ে এক মাসের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার। এ সেতু নির্মাণে আগামী ২১ ফেব্র“য়ারি মালয়শিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই হবে বলেও এর আগে জানিয়েছিলেন তিনি। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচার্স এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন এবং তাইওয়ানের স্যামসাও লিমিটেড কোম্পানি যৌথভাবে এ ফেয়ারের আয়োজন করেছে। সর্বোচ্চ মুনাফা সুদের হার কমাতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী মুহিত বলেন, শুধু মুনাফার দিকে নজর না দিয়ে জাতীয় স্বার্থের প্রতিও সচেতন হতে হবে। “আমাদের দেশে সর্বোচ্চ মুনাফা করার একটা প্রবণতা আছে। প্রতিযোগিতার জন্য এটা ভালো। কিন্তু এতে দেশপ্রেমের ঘাটতি থাকলে তা বিপজ্জনক।” ঋণের সুদের হার ব্যাংকগুলোই নির্ধারণ করে জানিয়ে তিনি বলেন, “এক্ষেত্রে সরকার মাঝে মাঝে হস্তক্ষেপ করে। তবে সেটা বিশেষ পরিস্থিতিতে।” “এমনিতে সরকারের এ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফবিসিসিআই’র সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিপিজিমইএ’র সভাপতি শামীম আহমেদ, স্যামসাও লিমিডের প্রতিনিধি ও মেলার কো অর্গানাইজার টাইগার লিং প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/পিডি/১৯০৯ ঘ.