ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পাঁচটি স্থানে বায়ুশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করতে একটি ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে সরকার।
সমীক্ষা সফল হলে ১৫ মেগাওয়াটের একটি পরীক্ষামূলক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রি-জেন পাওয়ার টেক নামের প্রতিষ্ঠানটি।
রাজধানীর আব্দুল গণি সড়কের বিদ্যুৎ ভবনে রোববার সরকারের পক্ষে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব (নবায়নযোগ্য জ্বালানি) মো. আলাউদ্দিন এবং রি-জেন পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক মধুসূদন খেনকা এ সমঝোতা স্মারকে সই করেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক অনুষ্ঠানে বলেন, “নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বায়ুশক্তি অন্যতম, যা ব্যবহার করে প্রচলিত জীবাশ্ম জ্বালানির মতো কম খরচে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা সম্ভব। অথচ দেশে বায়ুভিত্তিক বিদ্যুতের প্রসার ঘটেনি।”
বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, “এই পরিপ্রেক্ষিতেই সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষার পদক্ষেপ নেওয়া হয়েছে।”
উপ-সচিব মো. আলাউদ্দিন জানান, এ সমঝোতার আওতায় ফেনীর মুহুরীদাম, চট্টগ্রামের আনোয়ারা, পটুয়াখালীর কুয়াকাটায়, বরগুনার খেপুপাড়া এবং কক্সবাজারে এক বছর ধরে সমীক্ষা চালানো হবে। সমীক্ষায় যে স্থানটি সবচেয়ে উপযোগী বিবেচিত হবে, সেখানেই ১৫ মেগাওয়াট ক্ষমতার পরীক্ষামূলক কেন্দ্রটি নির্মাণ করা হবে।
সরকার এ সমীক্ষা চালাতে রি-জেন পাওয়ার টেককে কোনো আর্থিক সহযোগিতা দেবে না। সমীক্ষায় পাওয়া তথ্য, উপাত্ত ও প্রতিবেদন ব্যবহারে বিদ্যুৎ বিভাগের সম অধিকার থাকবে।
এছাড়া সমীক্ষার সব পর্যায়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীরা সহযোগী হিসাবে অংশগ্রহণের সুযোগ পাবে বলেও আলাউদ্দিন জানান।
তিনি বলেন, “উপযোগী স্থান নির্বাচনের পর এক বছরের মধ্যে পরীক্ষামূল কেন্দ্রটি নির্মাণ করা হবে। বায়ুশক্তির প্রকৃতি ও পর্যাপ্ততার ভিত্তিতে ওই কেন্দ্রের বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ করা হবে।”
অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, পিডিবি চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কুতুবদিয়া ও ফেনীর সোনাগাজীতে বায়ুশক্তি নির্ভর বিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্প শুরু হলেও তেমন কোনো আশাব্যাঞ্জক ফল পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৭৫৫ ঘ.
bdnews24