ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ কমে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অর্থনীতির প্রধান প্রধান সূচকগুলো ইতিবাচক দিকে মোড় নিতে শুরু করেছে বলেও দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নর।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, “কিছুদিন আগে ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ২১ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে তা ১৬ হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে।”
কেন্দ্রীয় ব্যাংকের স¤প্রতি ঘোষিত মুদ্রানীতির বাস্তবায়ন কৌশল নিয়ে সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এ বৈঠক হয়।
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করলেও ব্যাংকগুলো তা বাস্তবায়ন করে উল্লেখ করে এস কে সুর বলেন, “বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত মুদ্রানীতি বাস্তবায়নের জন্য ব্যাংক প্রধানদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “মূল্যস্ফীতি সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছিল। ব্যাংকগুলোকে সে লক্ষ্য অর্জনে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।”
“খাদ্য মূল্যস্ফীতিও কমতে শুরু করেছে। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। সার্বিকভাবে অর্থনীতির প্রধান সূচকগুলো ইতিবাচক ধারায় যাচ্ছে”, যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৩২১ ঘ.
bdnews24