ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে নৌপথে বাণিজ্য, ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট নিয়ে যে সব সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করতে ভারত ও বাংলাদেশ একসঙ্গে বসবে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আলাউদ্দিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ১২ ও ১৩ ফেব্র“য়ারি অভ্যন্তরীণ নৌ বাণিজ্য ও ট্রানজিট (আইডব্লিউটিটি) বিষয়ক প্রটোকলের ওপর স্থায়ী কমিটির বৈঠক হবে।”
ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এই কর্মকর্তা।
১৯৭২ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে সই হওয়া অভ্যন্তরীণ নৌ বাণিজ্য ও ট্রানজিট বিষয়ক প্রটোকলের আওতায়ই নৌপথে দুদেশের বাণিজ্য হয়ে আসছে। দুই দেশের মধ্যকার ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টেরও আইনি ভিত্তি এই প্রটোকল। ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশের নৌ ও স্থল সীমার ওপর দিয়ে দেশের এক স্থান থেকে আরেক স্থানে পণ্য আনা-নেওয়ার সুবিধা পাবে ভারত।
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুুখোপাধ্যায়ের চলতি মাসে ঢাকা সফরের ঘোষণার পর বৈঠকের এ খবর জানালেন যুগ্মসচিব।
মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দুটি বৈঠক হবে যার একটি আশুগঞ্জে এবং অন্যটি ঢাকায়
“বৈঠকে কীভাবে নৌপথে বাণিজ্য বাড়ানো যায় তা নিয়ে আমরা আলোচনা করবো।”
গত অর্থবছরে প্রতিবেশি এ দুই দেশের মধ্যে নৌপথে প্রায় ১২ লাখ টন মালামাল আনা-নেওয়া হয়েছে।
যুগ্মসচিব জানান, যুগ্মসচিব এমসি জাউহারির নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধি দল ট্রান্সশিপমেন্ট সুবিধা দেখার জন্য আশগঞ্জ ও আখাউড়া বন্দর পরিদর্শন করবেন।
আগামী ৩১ মার্চ ভারত-বাংলাদেশ বাণিজ্য চুক্তি এবং অভ্যন্তরীণ নৌপথে বাণিজ্য বিষয়ক প্রটোকলের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
“বাণিজ্য চুক্তির মেয়াদ বাড়লে আইডব্লিউটিটি-এর মেয়াদও বাড়বে,” বলেন যুগ্মসচিব।
ভারতের ত্রিপুরা রাজ্যের পালাতানা বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনে আশুগঞ্জ নৌবন্দর দিয়ে ভারতকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিতে রাজি হয়েছে বাংলাদেশ।
গত সেপ্টেম্বরে এই নৌবন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রান্সশিপমেন্টের প্রথম বাণিজ্যিক চালান পাঠায় ভারত।
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুুখোপাধ্যায় ঢাকা সফরে আসছেন চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএএইচ/পিডি/২১৪০ ঘ.
bdnews24