২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চয়ের হার ৪ বছরে সবচেয়ে কম

আয়ের তুলনায় সঞ্চয়ের হার গত চার বছরের মধ্যে এখন সবচেয়ে কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়ের তুলনায় সঞ্চয়ের হার গত চার বছরের মধ্যে এখন সবচেয়ে কম। সোমবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ২০১০-১১ অর্থবছরের বর্ষিক প্রতিবেদনে এই চিত্র দেখা যায়। গত অর্থ বছরে (জুলাই ২০১০ থেকে জুন ২০১১) মোট দেশজ উৎপাদনের ১৯ দশমিক ৬ ভাগ ছিল মোট দেশজ সঞ্চয়। জিডিপির অনুপাতে সঞ্চয়ের হার ২০০৯-২০১০ এ ছিল ২০ দশমিক ১, ২০০৮-২০০৯ এ ছিল ২০ দশমিক ১ এবং ২০০৭-২০০৮ এ ছিল ২০ দশমিক ৩। প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর প্রতিক্রিয়া হিসেবে সঞ্চয় প্রতি বছরই কমছে। মূল্যস্ফীতি গত প্রায় এক বছর ধরে দুই অঙ্কের কোঠায় রয়েছে। ২০০৯-১০ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৩ এবং ২০১০-২০১১ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৮। গত এক বছরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৯১ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ এ রাখার লক্ষ্য ঠিক করা হলেও গত মাসেই কেন্দ্রীয় ব্যাংক আভাস দিয়েছে, তা ৯ শতাংশ হতে পারে। মূল্যস্ফীতির উর্ধ্বগতির সঙ্গে সঞ্চয় কমে যাওয়ার প্রবণতা আরো আগে থেকে লক্ষ্য করা যাচ্ছিল। গত ২০১০-১১ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি পাঁচ ভাগের এক ভাগে নেমে আসে। ২০০৯-১০ অর্থবছরে ১১ হাজার ৫৯০ কোটি ৬৩ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। ২০১০-১১ অর্থবছরে তা নেমে আসে ২ হাজার ৫৬ কোটি ৯০ লাখ টাকায়। সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে মূল্যস্ফীতির কথা বলেছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা পরিচালক জায়েদ বখত। তার ভাষায়, “মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় অর্থাৎ বাজারে জিনিসপত্রের দাম বাড়ায় মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমে গেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/১৯৫০ ঘ.