সিলেট, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে বর্তমানে ৫৫ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে।
রোববার বিকালে সিলেট সদর উপজেলার দশগ্রাম বাজারে এক জনসভায় তিনি বলেন, প্রত্যেক গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।
“আগামী আট/নয় বছরে সারা দেশের সব এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেয়া সম্ভব হবে।”
মোগলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত ওই জনসভায় অর্থমন্ত্রী বলেন, সরকার নানামুখী পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি অনেকটা পূরণ করে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দিতে শুরু করেছে।
২০১২ সালের পরে বাংলাদেশে বিদ্যুতের সংকট থাকবে না বলে উল্লেখ করেন তিনি।
পৃথিবীজুড়ে বাণিজ্য ও বিনিয়োগ প্রবৃদ্ধি নেতিবাচক অবস্থা বিরাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এমন কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি অন্যান্যের তুলনায় অনেকটা ভাল।
“সরকারের প্রথম দুই বছরের চেয়ে এ বছর দ্রব্যমূল্য কিছুটা বৃদ্ধি পেলেও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে।”
জনসভায় যোগ দেওয়ার আগে মন্ত্রী সিলেট বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মোগলগাঁও এবং জালালাবাদ ইউনিয়নের বিডব্লিউডি ডাইক-ফতেহপুর মাদ্রাসা বাজার-আলীনগর পর্যন্ত দুই কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ৮ দশমিক ১৫ কিলোমিটার গ্রামীণ রাস্তা উন্নয়ন নির্মাণ কাজ উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২৩২৩ ঘ.
bdnews24