ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পুঁজিবাজার নিয়ে কিছু বলা ‘ঠিক’ হবে না।
শনিবার সন্ধ্যায় তিনি বলেন, “শেয়ার মার্কেট নিয়ে এখনি কিছু বলার নেই। যখন সরকারের টার্ম শেষ হবে, তখনই বোঝা যাবে পাঁচ বছরে শেয়ার মার্কেট কেমন ছিল।”
গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে প্রারম্ভিক বক্তব্যে আশরাফ বলেন, “শেয়ার মার্কেট সরকার বা অন্য কেউ নিয়ন্ত্রণ করে না। এটা ফ্রি মার্কেট।”
“কোনো দেশের সরকার শেয়ার মার্কেটের রেগুলেটরি (নিয়ন্ত্রক) বডি নয়। এসইসি (পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা) শেয়ার মার্কেটের রেগুলেটরি বডি।”
শেয়ারের দাম বাড়বে, আবার কমবে- উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “অর্থনীতিবিদরাও শেয়ার মার্কেটের দাম বাড়ার বা কমার যথার্থ কারণ এখনো দিতে পারেননি।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন বছরে সবচেয়ে আলোচিত বিষয় ছিল পুঁজিবাজার। সরকার গঠনের এক বছরের মধ্যে ব্যাপক চাঙা হয়ে ওঠে পুঁজিবাজার, যা ২০১০ সালের নভেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। এক পর্যায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক প্রায় ৯ হাজার পয়েন্টে গিয়ে দাঁড়ায়।
তবে ২০১০ সালের ডিসেম্বর বাজারে পতন শুরু হয়, রাস্তায় বিক্ষোভে নামে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। মাঝে অবশ্য কিছুটা স্থিতিশীলতা ফিরে এলেও গত কয়েক মাস ধরে দরপতন চলছে। ডিএসইর সাধারণ সূচক এখন ৪ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে।
পুঁজিবাজারে পতন ঠেকাতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলেও বাজারের পতন ঠেকানো যাচ্ছে না। এ নিয়ে সমালোচনার মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী ও গভর্নরও।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ফটকা কারবারি আখ্যায়িত করে সমালোচনার মধ্যে পড়া আবুল মাল আবদুল মুহিত কিছুদিন আগে বলেন, “আমি কথা বললেই নাকি শেয়ারবাজার পড়ে। সে কারণে বাজার নিয়ে কোনো কথা বলবো না।”
এদিকে বিরোধী দল বলছে, পুঁজিবাজারে কারসাজি করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করা হয়েছে, যাতে সরকারি দলের লোকরা জড়িত রয়েছে।
পুঁজি হারানোর পর ঢাকা ও চট্টগ্রামে দুজন ক্ষুদ্র বিনিয়োগকারীর আত্মহত্যার ঘটনাও ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২০০ ঘ.
bdnews24