লাবলু আনসার
নিউইয়র্ক থেকে
নিউইয়র্ক , ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমান বন্দরে যাত্রীদের মালামাল তল্লাশির সময় এক বাংলাদেশির জামার পকেট থেকে ডলার চুরির অভিযোগে এক নিরাপত্তা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে (স্থানীয় সময়) সঙ্ঘটিত এই চুরির জন্য গ্রেপ্তার আলেকজান্ড্রা স্মিড (৩১) মালামাল নিরাপত্তা প্রশাসনের একজন স্ক্রিনার।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউনের মুখপাত্র হেলেন পিটারসন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান। বাংলাদেশি যাত্রীর নাম প্রকাশ করেননি তিনি।
পিটারসন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১ ফেব্র“য়ারি রাত ৮টার দিকে এক বাংলাদেশি দেশে ফেরার জন্য জেএফকে বিমান বন্দরে গেলে সেখানকার ৪ নম্বর টার্মিনালের সিকিউরিটি চেক পয়েন্টে চুরির ঘটনাটি ঘটে।
“তিনি (যাত্রী) দ্রুত নিরাপত্তা তল্লাশি শেষ করার জন্য জ্যাকেট খুলে এক্স-রে কনভেয়ার বেল্টের ভেতরে দেন। এরপর চেক পয়েন্ট অতিক্রমের পর দেখেন, জ্যাকেটের পকেটে রাখা ৫ হাজার ডলার নেই, যা একটি খামে ভরা ছিল, ” বলেন তিনি।
জেএফকে এয়ারপোর্টের পোর্ট অথরিটি পুলিশের মুখপাত্র আল ডেলা ফ্যাভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ আসার পর ক্যামেরায় ধারণ করা চিত্রে দেখা যায়, কর্তব্যরত স্ক্রিনার আলেকজান্ড্রা জ্যাকেটের পকেট থেকে ডলারের খামটি কৌশলে বের করে তার হাতমোজার ভেতরে ঢুকিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যান।”
ভিডিওটি দেখার পরপরই আলেকজান্ড্রাকে গ্রেপ্তার করা হয়। তবে ডলারগুলো তাৎক্ষণিকভাবে উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে, টয়লেটে গিয়ে ডলারগুলো অন্য কারো কাছে পাচার করা হয়েছে।
গ্রেপ্তার আলেকজান্ড্রা সাড়ে চার বছর ধরে চাকরি করছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। কুইন্স ক্রিমিনাল কোর্টে তার বিরুদ্ধে চুরি এবং কর্মচারী শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছে।
এ চুরির ঘটনার আগে গত মঙ্গলবার টেক্সাস রাজ্যের ডালাস এয়ারপোর্টের আরেকজন স্ক্রিনারকে চুরি করা আটটি আইপডসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া ১ ফেব্র“য়ারি বুধবার টেনেসি রাজ্যের মেমফিস এয়ারপোর্টের আরেকজন স্ক্রিনারকে এক যাত্রীর ল্যাপটপ চুরির দায়ে ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ২০১০ সালে এ চুরির ঘটনা ঘটে।
এর আগে গত ১০ জানুয়ারি জেএফকে এয়ারপোর্টের আরো দুই নিরাপত্তা কর্মীকে চুরির দায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ২০১১ সালের জানুয়ারিতে একজন যাত্রীর ব্যাগ থেকে ৪০ হাজার ডলার চুরি করে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24