ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রপ্তানি আয়ের প্রধান খাত পোশাক শিল্পের বিকাশের পথে নানাভাবে প্রতিবন্ধতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিল্প মালিকরা।
কথিত ‘ষড়যন্ত্র’ চললে কারখানা বন্ধ হওয়ার পাশাপাশি শ্রমিকদের বেতন নিয়ে সমস্যা তৈরি হবে বলে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) যৌথভাবে এক সংবাদ সম্মেলনে তাদের শঙ্কার কথা জানায়।
গ্যাস সংযোগ না পাওয়া, ব্যাংক ঋণে সুদের হার বৃদ্ধি, চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়ানো, বন্দরের আইসিডিতে পণ্য রাখায় খরচ বৃদ্ধি এবং কল-কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযানের বিষয়গুলো তুলে ধরে পোশাক শিল্পমালিকরা বলছেন, এতে পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “এই শিল্পে বিকাশ রুখতে একটি স্বার্থান্বেষী মহল তৎপর হয়ে পড়ছে।
পোশাক শিল্প মালিকদের দাবি, রপ্তানি বাড়লেও বিশ্ববাজারে তাদের প্রতিযোগিতার ক্ষমতা কমে এসেছে। সরকারের ‘অসময়োপযোগী’ কিছু সিদ্ধান্তের ফলে মালিকদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সরকারের ভেতরেই কেউ কথিত ষড়যন্ত্রে জড়িত বলে মনে করেন কি না- প্রশ্ন করা হলে বিজিএমইএ সভাপতি বলেন, “গণতান্ত্রিক সরকারের ভেতরে থেকেও অনেকে সরকারের বিরুদ্ধে কাজ করতে পারে। বিশেষ করে অর্থনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করা দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র।”
“......আমাদের শিল্পের পরিস্থিতি ক্রমশ নাজুক হচ্ছে.. আমরা পরিষ্কার করে জানতে চাই কেন এই পরিস্থিতির তৈরী হচ্ছে? কারা এর জন্যে দায়ী। ...সমন্বয়হীনতা রয়ে যাচ্ছে। ফান্ড থাকে কিন্তু সেগুলো ব্যবহৃত হচ্ছে না। কারা উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরী করছে?” বলেন তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, “এভাবে চলতে থাকলে শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, শ্রমিকদের বেতন দেয়ার ক্ষেত্রে সমস্যা হবে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যাংক থেকে সরকারের ঋণগ্রহণ বেশি হওয়ায় বেসরকারি খাতে তার বিরূপ প্রভাব পড়ছে। ব্যাংক ঋণে সুদের হার কমানোর দাবিও জানান শিল্পমালিকরা। তারা চট্টগ্রাম বন্দরের বিভিন্ন মাশুল কমানোর দাবিও তোলেন।
বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি না বসানোয় বিভিন্ন কারখানাকে পরিবেশ অধিদপ্তরের জরিমানার বিষয়টি তুলে ধরে বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মো. হাতেম বলেন, “ইটিপি কেন্দ্রীয়ভাবেই করতে হবে। না হলে পরিবেশ অধিদপ্তর যত জরিমানাই করুক, এটা (কারখানাগুলোর ইটিপি ব্যবহার) কখনোই বাস্তবায়ন করতে পারবে না।”
তার দাবি, বিদ্যুৎ না থাকা এবং ডিজেলের দামের কারণে তারা অনেক সময় ইটিপি বন্ধ রাখেন। অথচ এই কারণে তাদের জরিমানা করা হয়।
বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামিন গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন করার দাবির পাশাপাশি সরবরাহ অনুযায়ী বিল চালুর দাবি জানান।
বিজিএমইএ কার্যালয়ের এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক শেখ আতিয়ার রহমান দিপু, নাহিদ হাসান, আসলাম সানি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৮২২ ঘ.
bdnews24