২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি ঋণের অর্ধেকই গেছে দেনা শোধে

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে যে বিদেশি ঋণ-সাহায্য এসেছে, তার অর্ধেকেরও বেশি অর্থ আগের ঋণের সুদ-আসল পরিশোধে খরচ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 04:07 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে যে বিদেশি ঋণ-সাহায্য এসেছে, তার অর্ধেকেরও বেশি অর্থ আগের ঋণের সুদ-আসল পরিশোধে খরচ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে জটিলতা, ঋণ-সহায়তা সঠিকভাবে ব্যবহার করতে না পারাসহ কয়েকটি কারণে বিদেশি সাহায্যের প্রবাহ কমে গেছে। অন্যদিকে আগের নেওয়া ঋণের পরিমাণও সুদ-আসলে বেড়ে গেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, চলতি ২০১১-১২ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে দেশে এসেছে মোট ৮০ কোটি ৭৪ লাখ ডলারের ঋণ-সহায়তা। এর মধ্যে ৪১ কোটি ৫৩ লাখ ডলারই চলে গেছে আগের নেওয়া ঋণ ও সুদ পরিশোধে। ফলে ওই ছয় মাসের হিসাবে সরকারের হাতে থাকছে ৩৯ কোটি ২০ লাখ ডলার। এর আগের অর্থবছরে এই সময়ে (জুলাই-ডিসেম্বর) বিদেশি ঋণ-সাহায্য বাবদে এসেছিল মোট ৯৮ কোটি ৪৫ লাখ ডলার, যার মধ্যে আগের ঋণ ও সুদ পরিশোধে সরকারের ব্যয় হয়েছিল ৩৮ কোটি ৮ লাখ ডলার। শেষ পর্যন্ত উন্নয়নে ব্যয় করার জন্য সরকারের হাতে ছিল ৬০ কোটি ৩৬ লাখ ডলার। এই হিসাবে চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে আগের বছরের একই সময়ের চেয়ে নিট বিদেশি সাহায্যের পরিমাণ কমেছে ৩৫ শতাংশের বেশি। বিদেশি সাহায্য প্রবাহ কমে আসায় উদ্বেগ প্রকাশ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের অর্থনীতিতে যে সংকট চলছে, তার অন্যতম কারণ বিদেশি সাহায্য কমে আসা। বিশ্ব অর্থনীতিতে মন্দাভাবসহ নানা কারণে রপ্তানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে এখনও ইতিবাচক ধারা বজায় রয়েছে। কিন্তু ফরেন এইড কমে যাওয়ায় বিদেশি মুদ্রার রিজার্ভ রয়েছে চাপের মধ্যে। পাশাপাশি ডলারের দাম বেড়েই চলেছে। এডিপি বাস্তবায়নও ভালো না।” এই পরিস্থিতিতে পাইপলাইনে থাকা ঋণ-সহায়তা দ্রুত ছাড় করা পদক্ষেপ নিতে সরকারকে পরামর্শ দিয়েছেন মির্জ্জা আজিজ। বিদেশি সাহায্য কমার কথা স্বীকার করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও, তবে এজন্য মন্ত্রণালয়গুলোকেই দুষছেন তিনি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বুধবার এফবিসিসিআই আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, “এটা (বিদেশি সাহায্য) ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়। আমার কাজ সাহায্য এনে দেওয়া, তা আমি করেছি। সেটা তারা ব্যবহার করতে পারেনি, সেটা তাদের ব্যর্থতা।” তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা আকবর আলি খান মনে করেন, পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে সৃষ্ট জটিলতার সম্মানজনক সমাধান না হলে ভবিষ্যতে বিদেশি ঋণ-সহায়তা আরও কমতে পারে। “একটা বিষয় সরকারের নীতিনির্ধারকদের বিবেচনায় রাখতে হবে। বিশ্বব্যাংক যদি পদ্মা সেতুতে অর্থায়ন না করে তাহলে তারা আমাদের অন্য প্রকল্পে সহায়তা করবে কি না- সে বিষয়েও সংশয় তৈরি হবে।” পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক দুর্নীতির যে অভিযোগ করেছে তা হালকাভাবে না নিয়ে দ্রুত সুরাহা করতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্বব্যাংকের সাবেক এই কর্মকর্তা। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য চুক্তি করেছে। বাকি অর্থের যোগান দেবে সরকার। আকবর আলি সতর্ক করে বলেন, “বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়টি বেশ কিছুদিন ধরে ঝুলে আছে। অন্যান্য দাতা দেশ ও সংস্থাও এ বিষয়টির দিকে তাকিয়ে আছে। যদি বিষয়টির একটা ভালো সমাধান হয় তাহলে তারা বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আর যদি উল্টোটা হয় তাহলে বিদেশি ঋণ-সহায়তার ক্ষেত্রে আমাদের সামনে দুর্দিন অপেক্ষা করছে।” ইআরডির তথ্য অনুযায়ী, গত ২০১০-১১ অর্থবছরে সবমিলিয়ে ১৭৭ কোটি ৭২ লাখ ডলারের বিদেশি সাহায্য এসেছিল। এর মধ্যে আগের সুদ-আসল পরিশোধে খরচ হয়েছিল ৭২ কোটি ৭৫ লাখ ডলার। তারপরও সরকারের হাতে ছিল ১০৪ কোটি ৯৬ লাখ ডলার। ২০০৯-১০ অর্থবছরে দেশে আসা ২১৬ কোটি ৪৪ লাখ ডলারের মধ্যে ৬৮ কোটি ৭৪ লাখ ডলার চলে গিয়েছিল দেনা শোধে। হাতে নিট ঋণ-সহায়তার পরিমাণ ছল ১৪৭ কোটি ৭০ লাখ ডলার। মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, “যেহেতু দিন দিন ঋণের পরিমাণ বাড়ছে, সেহেতু দেনা পরিশোধের পরিমাণও বাড়বে, এটাই স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ে এর পরিমাণ অনেকটা বেড়ে গেছে। যেহেতু আমরা বিদেশি ঋণ-সহায়তার বিকল্প কোনো ব্যবস্থা এখনও করতে পারিনি, সে কারণে বছর বছর আমাদের দেনা শোধ করে যেতে হবে।” গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৯৯৯-০০ অর্থবছরে দেশে নিট বিদেশি সাহায্যের পরিমাণ (আগের দেনা পরিশোধের পর হাতে থাকা অর্থ) ছিল ১১৭ কোটি ৯০ লাখ ডলার। ২০০০-০১ অর্থবছরে তা কমে ৯৫ কোটি ২৩ লাখ ডলারে নেমে আসে। ২০০১-০২ ও ২০০২-০৩ অর্থবছরে এর পরিমাণ ছিল যথাক্রমে ১০১ কোটি ৯৮ লাখ ও ১১৩ কোটি ৩০ লাখ ডলার। ২০০৩-০৪ অর্থবছরে তা ৬১ কোটি ৩ লাখ ডলারে নেমে আসে। ২০০৪-০৫ অর্থবছরে ১০১ কোটি ৫৮ লাখ ডলার এবং ২০০৫-০৬ অর্থবছরে ১০৭ কোটি ৮৮ লাখ ডলার ছিল সরকারের হাতে। ২০০৬-০৭ অর্থবছরে দেশে নিট বিদেশি সাহায্য আসে ১০৯ কোটি ৯৫ লাখ ডলার। ২০০৭-০৮ অর্থবছর ও ২০০৮-০৯ অর্থবছরে এসেছিল যথাক্রমে ১৩৭ কোটি ৬৫ লাখ এবং ১০২ কোটি ২৮ লাখ ডলার। চলতি অর্থবছরের বাজেটে বিদেশি উৎস থেকে মোট ১৮ হাজার ৬৮৫ কোটি টাকার ঋণ-সাহায্য আসবে বলে ধরা হয়েছে, যার ৫ হাজার ৬২৭ কোটি টাকা বিভিন্ন সময়ে নেওয়া ঋণ ও সুদ পরিশোধে ব্যয় হবে বলে মনে করেছে সরকার। এই হিসাব ঠিক থাকলে দেনা বাদ দিয়ে সরকারের হাতে থাকবে ১৩ হাজার ৫৮ কোটি টাকা। গত অর্থবছরের বাজেটেও ১৫ হাজার ৯৬৮ কোটি টাকার বিদেশি ঋণ আসবে বলে ধরা হয়েছিল। কিন্তু অর্থবছর শেষে সংশোধিত বাজেটে তা ১০ হাজার ৯২০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে ৪৬ হাজার কোটি টাকার এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) মধ্যে খরচ হয়েছে ১২ হাজার ৭০৩ কোটি টাকা। এই সময়ে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭২ শতাংশ। আর রেমিটেন্স প্রবাহ বেড়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১০০০ ঘ.