২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার-ব্যবসায়ী দূরত্ব বাড়ছে: আজাদ

বিভিন্ন আইন সংশোধনের আগে ব্যবসায়ীদের আলোচনা না করা এবং ব্যাংক থেকে সরকারের ‘অতিরিক্ত’ ঋণ গ্রহণ নিয়ে এফবিসিসিআই সভাপতির এই মন্তব্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন আইন সংশোধনের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না হওয়া এবং ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়ার দিকে ইঙ্গিত করে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেছেন, সরকারের সঙ্গে ব্যবসায়ীদের দূরত্ব বেড়ে যাচ্ছে। বুধবার এফবিসিসিআই ভবনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি আজাদ বলেন, “সরকারের সঙ্গে ব্যবসায়ীদের দূরত্ব বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করেই ভ্যাট আইন ও বীমা আইন সংশোধন করা হচ্ছে। “অন্যদিকে ব্যাংকগুলো ঋণে উচ্চহারে সুদ আরোপ করছে। এত টাকা সুদ দিতে হলে বেসরকারি উদ্যোক্তারা আর বিনিয়োগে আগ্রহী হবে না।” সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ভর্তুকি দিলেও বিনিয়োগ না হওয়ায় উৎপাদিত বিদ্যুৎ কোনো কাজে আসছে না বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি। তিনি আরো বলেন, সরকারের ব্যাংক ঋণ বেড়ে যাওয়ার কারণে সৃষ্ট তারল্য সঙ্কটও বিনিয়োগ না বাড়ার অন্যতম কারণ। আজাদ বলেন, অর্থবছরের প্রথম পাঁচ মাসে লক্ষ্যমাত্রা ১৮ হাজার কোটি টাকা থাকলেও সরকার ঋণ নিয়েছে ২১ হাজার কোটি টাকা। ব্যাংকগুলো তারল্য সঙ্কটে ভুগছে। এর ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে গেছে। “ব্যবসায়ীরা ঋণ পাচ্ছেন না। যাও বা পাচ্ছেন, সুদের হার ১৭ থেকে ২১ শতাংশ। তারল্য সঙ্কট ও উচ্চ সুদের হারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসরকারি খাত,” বলেন তিনি। এসব বিষয়সহ ডলারের বিপরীতে টাকার মান পড়ে যাওয়ার কথা তুলে ধরে এফবিসিসিআই সভাপতি বলেন, সার্বিকভাবে দেশের অর্থনীতি সঙ্কটের মধ্যে রয়েছে। এফবিসিসিআই আয়োজিত এই সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও অর্থনীতিবিদরা বক্তব্য রাখেন। অনেকের বক্তব্যের পর সভার প্রধান অতিথি অর্থমন্ত্রী কথা শুরু করলে ব্যবসায়ীরা হৈ চৈ শুরু করেন। তারা বলেন, অর্থনীতিবিদরা তো সব সময়ই বলেন। এখন ব্যবসায়ীদের সমস্যাগুলো শুনতে হবে। তখন এফবিসিসিআই সভাপতি আজাদ মাইক হাতে নিয়ে বলেন, “অর্থমন্ত্রী কথা দিয়েছেন, তিনি আরেক দিন আসবেন। সেদিন আপনাদের কথা শুনবেন। এখন ওনাকে কথা বলতে দিন।” এরপর অর্থমন্ত্রী বক্তব্য শুরু করেন। তিনি বলেন, সঙ্কটের কথা যেভাবে বলা হচ্ছে, বাস্তবে তেমনটা নয়। সরকারের নেওয়া ঋণও ধারাবাহিকভাবে ব্যাংকগুলো ফেরত পাচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/২১২৬ ঘ.