২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই নির্বাচনে সমঝোতার উদ্যোগ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির নির্বাচনে সমঝোতার চেষ্টায় সাবেক সভাপতিরা জরুরি বৈঠকে বসলেও আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 06:47 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আসন্ন নির্বাচনে প্রার্থীতা নিয়ে সমঝোতার চেষ্টায় এর সাবেক সভাপতিরা জরুরি বৈঠকে বসলেও আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই বৈঠকে এফবিসিসিআইর সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সালমান এফ রহমান, ইউসুফ আব্দুল্লাহ হারুন, আব্দুল আউয়াল মিন্টু ও আনিসুল হক উপস্থিত ছিলেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের সভাপতি প্রার্থী কাজী আকরাম উদ্দিন আহমেদও বৈঠকে উপস্থিত ছিলেন। কাজী আকরাম শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এফবিসিসিআই নির্বাচনকে ঘিরে অনেক গুজব ছড়ায়। পয়সা-কড়িরও ছড়াছড়ি হয়। এ সব যাতে না হয়- সে চেষ্টার জন্যই সাবেক সভাপতিরা সমঝোতারেে উদ্যাগ নিয়েছেন।” “তবে শুক্রবারের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। ১৭ অথবা ১৮ অক্টোবর আবার আমরা বৈঠকে বসবো। ঐ বৈঠকে সবাই এক সঙ্গে মিলেমিশে নির্বাচন করা যায় কিনা- সে ব্যপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে”, বলেন তিনি। এফবিসিসিআইর সাবেক এক সভাপতি নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবাই মিলে একটা প্যানেল করা যায় কিনা- সে উদ্দেশ্যেই আমরা বসেছিলাম। আবার আমরা বসবো। দেখা যাক কি হয়।” আরেক সাবেক সভাপতি বলেন, “এফবিসিসিআই নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে হয়- সে ব্যাপারে আলোচনার জন্যই আমরা বৈঠকে বসেছিলাম।” সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠক শুরু হয়। শেষ হয় সোয়া ৮টার দিকে। ২০১২-২০১৪ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য প্রাথমিক ভোটার তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। দেশের ৭৩টি চেম্বার থেকে ৩৯০ জন এবং ৩২৫টি অ্যাসোসিয়েশন থেকে ১ হাজার ৬১৩ জন ভোটার প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর ২০১২ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/০০৪৬ ঘ.