ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীতের সব রেকর্ড ভেঙে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ হাজার ১৫৩ কোটি (১১ দশমিক ৫৩ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুর রহমান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “মূলত কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি করে টাকা পাঠানোয় রিজার্ভ রেকর্ড ছুঁয়েছে।”
চলতি অক্টোবর মাসে রেমিটেন্সের পরিমাণ ১২০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন কাজী সাঈদুর।
তিনি জানান, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের আগে রিজার্ভ ১১ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে উঠেছিল। ওটাই ছিল এ যাবৎকালের সর্বোচ্চ। বৃহস্পতিবার দিন শেষে ওই অঙ্ক ছাড়িয়ে যায় রিজার্ভ।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) ইসিএফ ফান্ডের (বর্ধিত ঋণ সুবিধা) দ্বিতীয় কিস্তির ১৫ কোটি ডলার ছাড় করলে রিজার্ভ আরো বাড়বে।
কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসীরা ৩৫৫ কোটি ১৭ লাখ (৩ দশমিক ৫৫ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।
চলতি অক্টোবর মাসের পাঁচ দিনেই (৫ অক্টোবর পর্যন্ত হিসাব পাওয়া গেছে) ২১ কোটি ডলার রেমিটেন্স এসেছে।
গত ২০১১-১২ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট ২৯৬ কোটি ৮৭ লাখ (২ দশমিক ৯৬ বিলিয়ন) ডলার পঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।
এর মধ্যে গত বছরের জুলাই মাসে এসেছিল ১০১ কোটি ১৫ লাখ ডলার। এছাড়া অগাস্টে ১১০ কোটি ১৮ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ৮৫ কোটি ৫ লাখ ডলারের রেমিটেন্স আসে।
চলতি বছর জানুয়ারিতে ১২২ কোটি ১৪ লাখ ডলার রেমিটেন্স দেশে আসে, যা একক মাস হিসাবে রেমিটেন্স আসার ক্ষেত্রে রেকর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/০০৫৮ ঘ.
bdnews24